পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আলহামদুল্লিাহ, নির্বাচন সুষ্ঠু হয়েছে!

Posted on April 28, 2015 | in জাতীয় | by

shufian-(37)নিউজ ডেস্ক: ২৮ এপ্রিল মঙ্গলবার দেশের তিন সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ভোটাররা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ভোট দিয়েছেন। তবে তাদের মধ্যে সরকারি দলের সমর্থক ভোটারদের উৎসাহ-উদ্দীপনা মাত্রাতিরিক্ত ছিল বলে টেলিভিশনগুলোর পর্দায় দেখা গেছে। এদিকে বেসরকারি দলের সমর্থক ভোটাররা উৎসাহের সঙ্গে ভোট দিতে গেলেও ভোট দিতে পারেননি। যেমন ঢাকার নারিন্দায় গিয়ে তারা দেখেন, দরজা ভেতর থেকে আটকানো। দরজা লাগিয়ে ভেতরে কাজকাম চলছে! শুধু নারিন্দায় নয়, এরকম শত শত কেন্দ্রে দরজা আটকিয়ে ভেতরে কাজকাম করা হয়েছে। লজ্জায় মুখ না দেখানোর জন্য ভেতরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়! তবুও যেহেতু দিনের আলোয় আকাম-কুকামগুলো সংগঠিত হয়েছে, তাই কিছু কিছু চিত্র প্রকাশ হয়ে গেছে গণমাধ্যমে!

সরকারি দলের নেতাকর্মীদের উৎসাহ দেখে অনেক পোলিং এজেন্ট ও প্রিজাইডিং অফিসার আনন্দে আত্মহারা হয়ে পড়েন। তারা তখন ভোট দিতে সহযোগিতা করেন। ‘আপনার ভোট আপনি দেবেন, যত খুশি ততো দেবেন’, কাজেই নিষেধ করবে কে? আবার নিজেরাও ভোট দিয়ে বান্ডেল শেষ করেছেন! একাই একশ’ যাকে বলে আর কি! তবে একাত্তর টেলিভিশন তাদের নিজস্ব স্বকীয়তা বজায় রাখতে সক্ষম হয়েছে। এই টিভির পর্দায় অতিরিক্ত উত্তেজনা খুব একটা চোখে পড়েনি। সব মিলিয়ে একটা সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে পেয়েছি। এমন শান্তিপূর্ণ নির্বাচন সাধারণত হয় না! এরপরেও নির্বাচনে কারচুপি-অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছে বিএনপি। একই পথে হেঁটেছেন জোনায়েদ সাকিও। তবে পরাজয় হবে জেনেই বিএনপি নির্বাচন বর্জন করেছে এমন দাবি করেছেন আওয়ামী লীগের হাছান মাহমুদ।

এদিকে নিশ্চিত জয় জেনেই সম্ভবত নির্বাচন বর্জনের ঘোষণা দেননি আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থীরা। আবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘আপনারা দেখান।’ তিনি আর কিছু বলেন নাই। তিনি কী দেখতে চাইলেন, তাও বলেন নাই! যাই হোক, ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এবার ভোটগণনার পালা। আশা করছি শান্তিকামী প্রার্থীদের জয় হবে। তিন সিটি করপোরেশনের জয়ী প্রার্থীদের জানাই অভিনন্দন।
সুত্র….প্রিয়

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud