পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আব্বাসকে গ্রেফতার না করতে হাইকোর্টের নির্দেশ

Posted on April 13, 2015 | in রাজনীতি | by

এস এম নুর মোহাম্মদ: নাশকতার অভিযোগে পুলিশের তিন মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মিজা আব্বাসের আগাম জামিনের বিষয়ে আদেশের জন্য আগামী বুধবার দিন ধার্য করেছে আদালত।788eea9f20505771d4fed6e673438394-Abbas
সোমবার বিকেলে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করে।
একই সঙ্গে আদালত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত এই মেয়র প্রার্থীকে বুধবার পর্যন্ত নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকতে এবং আইনশৃক্সখলা বাহিনীর প্রতি তাকে গ্রেপ্তার ও হয়রানি না করা নির্দেশ দিয়েছে।
মির্জা আব্বাসের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর আগে দুপুর ১২টার দিকে আগাম জামিন নিতে হাইকোর্টে উপস্থিত হন বিএনপির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাস।
সেখানে তিনি মামলার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের কক্ষে অবস্থান করেন।
দুপুর আড়াইটায় বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চে আবেদনগুলোর শুনানি হয়। শুনানি শেষে আদালত আদেশের জন্য এই দিন ধার্য করে।
এর আগে সকালে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বাসে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগ ২০১৪ সালের ২৮ ডিসেম্বর পল্টন থানায় এবং বিস্ফোরক আইনে চলতি বছরের ৪ জানুয়ারি মতিঝিল থানায় দায়ের তিন মামলায় মির্জা আব্বাসের পক্ষে আগাম জামিন আবেদন করেন।
আদালত সে সময় এ বিষয়ে দুপুর আড়াইটায় শুনানির জন্য সময় নির্ধারণ করেন।
মির্জা আব্বাস ৩৭টি ফৌজদারি মামলা মাথায় নিয়ে কয়েক মাস ধরে আত্মগোপনে ছিলেন। মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে প্রতীক বরাদ্দ পর্যন্ত কোনো ক্ষেত্রেই তাকে দেখা যায়নি। তার পক্ষে এ কাজগুলো করেন আইনজীবীরা।
এদিকে, মির্জা আব্বাসের মগ প্রতীকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। তার সঙ্গে প্রচারে দলের নেতাকর্মীরা প্রতিদিন ঢাকা দক্ষিণের বিভিন্ন অঞ্চল চষে বেড়াচ্ছেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud