পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ঢাবি উপাচার্যকে মুখোমুখি বিতর্কের আহবান ভর্তিচ্ছু শিক্ষার্থীদের

Posted on December 19, 2014 | in শিক্ষা ও সংস্কৃতি | by

ঢাকা:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে মুখোমুখি যুক্তির লড়াইয়ে অবতীর্ণ হওয়ার আহবান জানিয়েছে দ্বিতীয়বার ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টিতে ২য় বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ করার পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে যুক্তি দেখিয়েছেন তা সঠিক নয় দাবি করে শিক্ষার্থীরা এ আহবান জানায়। শুক্রবার বিকেলে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশ থেকে ‍উপাচার্যকে এ চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাবিসহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২য় বার ভর্তি পরীক্ষার সুযোগ এবং ৭ ডিসেম্বর আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করে শিক্ষার্থীরা। সমাবেশে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা রিয়াজুল ইসলাম বলেন, ঢাবির উপাচার্য যে সকল যুক্তি দেখিয়ে ২য় বার ভর্তির পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তার সব যুক্তিই খণ্ডনযোগ্য। তাই আমাদের দাবি উপাচার্য যেন আগামী রোববার সকাল দশটায় আমাদের সঙ্গে বসেন। গণমাধ্যম এবং সকলের উপস্থিতিতে তিনি (ঢাবি উপাচার্য) প্রমাণ করুন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত যৌক্তিক নাকি আমাদের দাবি যৌক্তিক।
1418987613 1418987632
নটরডেম কলেজের শিক্ষার্থী তামজীদ বলেন, ওই দিন আমরা প্রথমে ঢাবির উপাচার্যকে অনুরোধ করব আমাদের যুক্তিগুলো গণমাধ্যমসহ সকলের উপস্থিতিতে খণ্ডন করুন। যদি তিনি আমাদের সঙ্গে কথা না বলতে চান তবে আমরা তার কার্যালয় ঘেরাও করব এবং তাকে আমাদের সঙ্গে কথা বলতে বাধ্য করব। জনি হাসান রাজু নামে অপর এক শিক্ষার্থী বলেন, আমরা আগামী রোববার শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শিক্ষা মন্ত্রণালয় নয় ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও করবো। কারণ উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ঢাবি উপাচার্যেরই সব থেকে সম্পৃক্ততা বেশি। তিনি চাইলেই আমাদের দাবি আদায় সম্ভব। এ সময় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে ধানমন্ডি বয়েজ হাইস্কুল থেকে মিছিল নিয়ে ইডেন কলেজ, পলাশী হয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলে পলাশীর মোড়ে পুলিশ প্রথমে শিক্ষার্থীদের বাধা দিলেও স্লোগান না দেয়ার শর্তে তাদের ক্যাম্পাসে ঢুকতে দেয়। পরে বেলা আড়াইটা থেকে দেড় ঘণ্টা ধরে সমাবেশ করে শিক্ষার্থীরা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud