March 12, 2026
মংলা : পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ট্যাঙ্কার ডুবে তেল ছড়িয়ে পড়ায় সুন্দরবনের ব্যাপক ক্ষতি হয়েছে। উদ্ভিদের যে ক্ষতি হয়েছে আগামী বছরের মধ্যে তা গজিয়ে স্বাভাবিক হবে কিন্তু যেসব গাছে তেল লেগে আছে সেগুলো অবশ্যই মারা যাবে। শুক্রবার দুপুরে শ্যালা নদী পরিদর্শন শেষে জয়মনিরঘোলে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ছড়িয়ে পড়া তেলে সুন্দরবনের কী পরিমাণ ক্ষতি হয়েছে সেই বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। শ্যালা নদী দিয়ে নৌযান চলাচল স্থায়ীভাবে বন্ধ করা হবে কি না জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, নৌযান চলবে কি না এটা নৌপরিবহণ মন্ত্রনালয় সিদ্ধান্ত নেবে। তবে বন্ধ করে দিলে মংলাবন্দর দিয়ে খাদ্য, সারসহ অন্যান্য মালামাল পরিবহণের বিষয়টিও চিন্তাভাবনা করতে হবে। শ্যালা নদী পরিদর্শনের পর মন্ত্রী সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন। এর আগে বেলা সাড়ে ১১টায় সি প্লেনে করে মন্ত্রী মংলা নদীর নারকেলতলা এলাকায় নামেন। সেখান থেকে স্পিডবোটে করে মন্ত্রী সুন্দরবনের শ্যালা নদী ও আশপাশের সংযোগ খালগুলো পরিদর্শন করেন। বিকেলেই তিনি ঢাকার উদ্দেশে রওয়া হন। এসময় মন্ত্রীর সঙ্গে প্রধান বন কর্মকর্তা মো. ইউনুছ আলী, পরিবেশ অধিদপ্তরের মহা পরিচালক রাইসুল আলম মণ্ডল, খুলনার বন সংরক্ষক কার্তিক চন্দ্র সরকার, বাগেরহাটের জেলা প্রশাসক মুহম্মদ শুকুর আলী, পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) আমির হোসাইন চৌধুরী, মংলা উপজেলা নির্বাহী অফিসার মো. তবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন, চাদপাই রেঞ্জ কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, মংলা থানার অফিসার ইনচার্জ বেলায়েত হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।