March 12, 2026
বিনোদন ডেস্ক; নাম যেহেতু ‘জিরো ডিগ্রি’, তাই শীতেই আসার পরিকল্পনা। এদেশে তো আর তাপমাত্রা জিরো ডিগ্রিতে নামার সম্ভাবনা নেই আপাতত। অনেকদিন ধরে মাহফুজ আহমেদ বলছিলেন, ‘শীতেই আসবো আমরা’। সপ্তাহখানেক আগে মাহফুজকে আবারও প্রশ্ন করা হয়, শীত তো এসে গেলো, কবে আসবে ‘জিরো ডিগ্রি’? উত্তরে তিনি বলেছিলেন, ‘শীত আরও একটু জাঁকিয়ে নামুক।’ ছবিটির প্রযোজক তিনি। অভিনয়ও করেছেন। অবশেষে ‘জিরো ডিগ্রি’ আসছে। মুক্তির তারিখ ঠিক করা হয়েছে ৬ ফেব্রুয়ারি। ছবির গানগুলোও প্রকাশ করা হয়েছে। এখন সময় প্রচারণার। এক্ষেত্রে মাহফুজ আহমেদের বিস্তর পরিকল্পনা। বলছেন, ‘দেশের প্রতিটি মানুষ জানবে, এ নামে একটা ছবি আসছে।’ প্রচারণার ক্ষেত্রে এ বিষয়টি মাথায় রাখা হবে। ছবিটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান, দিলরুবা ইয়াসমিন রুহি, ইরেশ যাকের, তারিক আনাম খান, টেলিসামাদ, জাইব, মীর রাব্বি প্রমুখ। নভেম্বরের শেষের দিকে ছবিটি বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পায়।