March 12, 2026
বিনোদন ডেস্ক: ১৯ ডিসেম্বরের সকালবেলা। ঘড়ির কাটাঁ প্রায় ১১টার ঘরে। উত্তরার আশ্রয় শুটিং হাউসে রিচি সোলায়মান ও শখ বেশ শংকিত। এমনিতেই জাঁকিয়ে ঠান্ডা পড়ছে।
এরইমধ্যে তাদেরকে বৃষ্টিতে ভিজতে হবে- শঙ্কার কারণ এটাই। বৃষ্টির দৃশ্যটা আবার খুব জরুরী। কোনভাবেই বাদ দেয়া চলবে না। কিন্তু শীতের মধ্যে বৃষ্টিতে ভেজানো! পরিচালক সাগর জাহানও ছিলেন খানিকটা দোলাচলে। ছাদে কৃত্রিম বৃষ্টির আয়োজন করা হলো। শীতের পোশাক ছেড়ে রিচি ও শখ কাঁপতে কাঁপতে বৃষ্টির মধ্যে দাঁড়ালেন, ভিজলেন, শট দিলেন। এমনিতে শীতের সকালে গোসল করতেই অনেকের হাঁটু কাঁপে। সেখানে রিচি ও শখকে ঠান্ডা পানিতে ভিজতে হলো টানা দু’ঘণ্টা! দৃশ্যধারণ যতক্ষণে শেষ, তাদের দু’জনের অবস্থা ততক্ষণে কাহিল। কাঁপতে কাঁপতে মেকাপরুমে এসেই শখ ফেসবুকে লিখলেন, ‘ঠান্ডার মধ্যে বৃষ্টিতে ভেজার শুটিং করলাম মাত্র। মানুষ কতো সহজে বিজ্ঞাপন, নাটক দেখে! কতো সহজে মন্তব্য করে! কিন্তু একটিবারও চিন্তা করে না-তাদের বিনোদনের জন্য আমরা আর্টিস্ট, পরিচালকরা কতো কষ্ট করি!’ রিচি ও শখের এই কষ্ট ‘মিলার বারান্দা’ নামক নাটকের জন্য। এতে অভিনয় করছেন তারা। পরিচালনা করছেন সাগর জাহান। তিনি বলছেন, ‘অনেক ভয়ে ছিলাম এই শীতে বৃষ্টির দৃশ্য করতে পারবো কিনা! অবশেষে রিচি সোলায়মান ও শখের জন্য সম্ভব হয়েছে। তাদের দু’জনকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।