April 18, 2026
ঢাকা: ১৬ ডিসেম্বর, মঙ্গলবার মহান বিজয় দিবসে আয়োজিত অনুষ্ঠানসমূহের নিরাপত্তায় ডগ স্কোয়াড ও চেকপোস্টসহ নানামাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে র্যাবের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজয় দিবসে দেশব্যাপী সরকারি ও বেসরকারি অনুষ্ঠানসমূহে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করবে র্যাব। ইতোমধ্যে শনিবার (১৩ ডিসেম্বর) থেকে টহল ও অভিযানিক কার্যক্রম জোরদার করে দিয়েছে তারা। জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা, বিনোদন কেন্দ্র ও অন্য সব বড় বড় স্থান, যেখানে জনসমাগম হবে সে সব জায়গায় যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে। অনুষ্ঠানসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সারা দেশব্যাপী র্যাবের পোশাকে ও সাদা পোশাকে সদস্যরা মোতায়েন করা হবে। এছাড়া শহরের প্রবেশ ও বাহির পথে চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রমও আরো জোরদার হচ্ছে। এছাড়াও, রাজধানীর ও তার আশপাশের গুরুত্বপূর্ণ এলাকার ক্রাইমজোনসমূহে ব্লক রেইড পরিচালনা করার কথা জানিয়েছে তারা। পাশাপাশি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধকল্পে র্যাবের প্রতিটি ব্যাটালিয়নে বিশেষ স্ট্রাইকিং রির্জাভ ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।