April 16, 2026
নিজস্ব প্রতিবেদক: খেলার নামে মোরগ, ছাগল ও ষাঁড়ের লড়াই এবং কুকুর নিধনের মতো কার্যক্রম বন্ধ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সুনামগঞ্জের ছাতকে এ ধরনের কার্যক্রমের ওপর আট সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন। অভয়ারণ্য বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটি নামের একটি সংগঠন এই রিট আবেদনটি করে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী নাদিয়া চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস। খেলার নামে এ ধরনের নিষ্ঠুর পশু নির্যাতনের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। রিটে বলা হয়, এ ধরনের খেলা প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারার পরিপন্থী।