April 23, 2026
প্রতিবেদক: অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলন ও মালয়েশিয়া সফরের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকাল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়। তার এই সংবাদ সম্মেলন রাষ্ট্রীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। প্রধানমন্ত্রী প্রথমে সার্ক শীর্ষ সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে বক্তব্য দেন মালয়েশিয়া সফর নিয়ে। তিন দিনের মালয়েশিয়া সফর শেষে বৃহস্পতিবার দুপুরে দেশে পৌঁছান শেখ হাসিনা। এই সফরে জনশক্তি রপ্তানি, ভিসা প্রক্রিয়া সহজ এবং পর্যটন ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে একটি চুক্তি, দুটি সমঝোতা স্মারক ও একটি প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। শেখ হাসিনা গত মঙ্গলবার কুয়ালালামপুর পৌঁছনোর পর বাংলাদেশ হাই কমিশন আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। পরে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এস স্যামি ভেলুর সঙ্গে বৈঠক করেন তিনি। বুধবার সকালে মালয়েশিয়ার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত একটি সংলাপে বক্তব্য দেওয়ার পর দ্বিপক্ষীয় বৈঠকের জন্য পুত্রাজায়ায় যান বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হয়। রাতে মালয়েশিয়ার সরকার প্রধানের দেওয়া নৈশভোজে যোগ দেন শেখ হাসিনা। এর আগে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) অষ্টাদশ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত ২৫ নভেম্বর কাঠমান্ডু যান শেখ হাসিনা। পরদিন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সব মতপার্থক্য সরিয়ে যৌথ সমৃদ্ধির পথে এগিয়ে আসার জন্য সার্ক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।
সম্মেলনের মূল আনুষ্ঠানিকতার বাইরে গত ২৬ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। তিনটি চুক্তির আশা নিয়ে এই সম্মেলন শুরু হলেও অনেক টানাপোড়েনের পর বিদ্যুৎ সহযোগিতার একটি চুক্তি সই হয় সেখানে। আট সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মতিতে ৩৬ দফা কাঠমান্ডু ঘোষণার মধ্য দিয়ে ২৭ নভেম্বর বিকালে শেষ হয় এবারের সার্ক শীর্ষ সম্মেলন।