April 4, 2026
বিনােদন ডেস্ক: অনেক ছবিতেই শাকিবের বিপরীতে নায়কের প্রেমিকা হিসেবে অভিনয় করেছেন অপু বিশ্বাস। এবারও ‘ডার্লিং’ ছবিতে শাকিবের প্রেমিকা হচ্ছেন অপু।
সামনের সপ্তাহ থেকে ছবিটির শুটিং শুরু হচ্ছে। ছবির পরিচালক মনতাজুর রহমান আকবর। অপু বলেন, ‘এ মাসেই আকবর আংকেলের “সালাম মালয়েশিয়া” ছবির কাজ করার কথা ছিল। কিন্তু তাঁর সিদ্ধান্তের কারণে “ডার্লিং” ছবির কাজ আগে শুরু করতে হচ্ছে।’ ছবির গল্প কেমন জানতে চাইলে অপু বলেন, ‘আমি তো রোমান্টিক ছবিরই নায়িকা। ছবিতে সবাই আমাকে সেভাবেই দেখতে চায়। আমিও রোমান্টিক ছবিতে অভিনয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। নিটোল প্রেমের গল্প নিয়ে “ডার্লিং” ছবির কাহিনি গড়ে উঠেছে। যেভাবে শুনেছি তাতে মনে হচ্ছে, গল্পটি দর্শকদের ভালো লাগবে।’ এদিকে, অপু বিশ্বাস এখন এফআই মানিক ও জি সরকারের ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। অল্প কিছুদিন শুটিংয়ের পরই ছবি দুটির কাজ শেষ হয়ে যাবে বলেই জানিয়েছেন অপু।