April 4, 2026
বিনোদন ডেস্ক: ১৬টি ব্যান্ড গান গাইবে একই মঞ্চে। তাদেরকে নিয়ে যৌথভাবে ব্যান্ডসঙ্গীত উৎসব আয়োজন করেছে ্যানেল আই ও কোকাকোলা । উৎসবের নাম ‘কোকাকোলা-চ্যানেল আই ব্যান্ডফেস্ট ২০১৪’। ১ ডিসেম্বর চ্যানেল আই চত্বরে উৎসব শুরু হবে সকাল ১১টায়। এখানে আইয়ুব বাচ্চুর এলআরবি, অবসকিউর, প্রমিথিউস, আর্ক, দলছুট, উচ্চারন, ডিফারেন্ট টাচ, ব্ল্যাক, আর্টসেল, চিরকুট, শুন্য, রেডিও অ্যাক্টিভ, পার্থিব, জলের গান, বে অব বেঙ্গল, তীরন্দাজ সংগীত পরিবেশন করবে। উৎসব উপলক্ষে ২৬ নভেম্বর দুপুরে চ্যানেল আই ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবটি এবারই শুরু হচ্ছে। এখন থেকে প্রতি বছর একই দিনে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এটি। ব্যান্ডসংগীতপ্রেমীদের কাছে এই আয়োজন সুসংবাদ জানিয়ে আইয়ুব বাচ্চু বলছেন, ‘কিছুদিন আগে বলেছিলাম ব্যান্ডসংগীতের জন্য এগিয়ে আসুন। চ্যানেল আই আমার আবদার রেখে। ব্যান্ডসংগীত শিল্পী ও শ্রোতা সবার জন্যই এটি একটি চমৎকার উদ্যোগ।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, কোকাকোলা বাংলাদেশের পরিচালক শাদাব আহমেদ খান, সিম্ফনি মোবাইলের পক্ষে এডিসন গ্রুপের উর্ধ্বতন পরিচালক রেজউয়ানুল হক, উৎসবে অংশ নেওয়া ব্যান্ডগুলোর সদস্যরা। এবারের ব্যান্ডফেস্ট উপস্থাপনা করবেন অপু মাহফুজ, পরিচালনা করবেন অনন্যা রুমা। নির্বাহী প্রযোজক শহীদুল আলম সাচ্চু। পুরো আয়োজন সরাসরি দেখাবে চ্যানেল আই।