April 18, 2026

ঢাকা: আত্মসমর্পণের পর মন্ত্রিসভা থেকে অপসারিত সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বেলা ২টা ৫ মিনিটে লতিফ সিদ্দিকীকে সিএমএম আদালতে আনা হয়। পরে তাকে আদালতের কোর্ট হাজতে রাখা হয়। বেলা আড়াইটার দিকে তাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়। বেলা ২টা ৩৫ মিনিটে শুনানি শুরু হয়। শুনানি শেষে লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
দুপুরে শুনানি শেষে মহানগর হাকিম আতিকুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আগে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়া হয়। তাকে মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতের এজলাসকক্ষের আসামির কাঠগড়ায় তোলা হয়। তার পক্ষে কোনো জামিনের আবেদন জানানো হয়নি।
লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার একটি মামলার বাদী অ্যাডভোকেট আবেদ রাজা আদালতে উপস্থিত ছিলেন। একই বাদীর মামলাটিতে এর আগে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সোমবার একই হাকিম ওই গ্রেফতারি পরোয়ানা অনুসারে লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের তাগাদা দেন।