May 4, 2026
সীতাকুণ্ড চট্টগ্রাম: সীতাকুণ্ডে কন্টেইনারবাহী ৩টি বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ ৯ঘণ্টা বন্ধ থাকার পর পূনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যাবার সময় উপজেলার ফৌজদারহাট সিডিএ এলাকায় দূর্ঘটনায় পড়লে কর্তৃপক্ষের প্রচেষ্টায় সন্ধা সাতটায় সারা দেশের সাথে ট্রেন চলাচল পূনরায় শুরু হয়। তবে এর মধ্যে বেশ কয়টি যাত্রিবাহী ট্রেন আটকা পড়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। চালকের ভুলেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন কর্তৃপক্ষ। এছাড়া তিন সদস্যের তদন্তÍ কমিটিও গঠিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০দিকে বিকট শব্দে চট্টগ্রাম মুখি ট্রেনটি সীতাকুণ্ডের ফৌজদারহাট রেলওয়ে স্টেশনের সিডিএ এলাকায় লাইনচ্যুত হয়। এসময় তিনটি বগি লাইন থেকে ছিটকে পড়ে দু’পাশের রেল পথই বন্ধ হয়ে যায়। এ ঘটনায় চট্টগ্রামের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ফৌজাদারহাট স্টেশন মাষ্টার মোঃ শাহ্আলম চৌধুরী জানান, ঘটনার পর থেকে দু’টি উদ্ধারকারী ক্রেন ঘটনাস্থলে এসে ট্রেন চলাচল পূনরায় স্বাভাবিক করার চেষ্টা চালান। এর মধ্যে দুপুর ২টার সময় পশ্চিম পাশের রেল পথের উপর পড়ে থাকা বগি সরালে আংশিক ভাবে ট্রেন চলাচল পূনরায় শুরু হলেও পুরো দমে চালু করতে সন্ধ্যা সাতটা পর্যন্ত সময় লাগে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, দুর্ঘটনা কবলিত ট্রেনের বগিগুলি এমনভাবে লাইনের উপর পড়ে ছিল যে আপ ও ডাউন উভয় লাইন বন্ধ হয়ে যায়। এতে দুই দিকেই ট্রেন চলাচল বন্ধ হয়ে বিভিন্ন স্টেশনে যাত্রীবাহি বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েন। ঘটনার প্রত্যক্ষদর্শী এক কিশোর ছবুর আহম্মদ জানায়, ট্রেনটি বেশ জোরেই চলছিলো। হটাৎ করে বিকট শব্দ করে ট্রেনটি পড়ে যায়। তারপর ট্রেন থেকে চালকরা নেমে আসেন। আশপাশের মানুষও এগিয়ে আসে তাদেরকে সহযোগিতা করার জন্য। তবে এতে কেউ আহত হয়নি।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মোঃ মুরাদ হোসেন বলেন, দূর্ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সন্ধা ৭টায় দূঘটনায় কবলিত ট্রেনটি সরিয়ে নিলে সরাদেশের সাথে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।