পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দাফনের আগে জেগে উঠলেন যুবক!

Posted on November 4, 2014 | in সারা দেশ | by

92508_1কিশোরগঞ্জ: শেষ হয়ে গেছে গোসল করানো। কাফন ও জানাজাও শেষ। চলছে দাফনের প্রস্তুতি। কিন্তু এ কী আশ্চর্য! কাফনের ভেতরে থাকা ব্যক্তিটি হঠাৎ নড়েচড়ে উঠলেন। আর এই নড়াচড়া দেখে অনেকে চিৎকার করতে থাকেন।

অবিশ্বাস্য হলেও এমনি একটি ঘটনার সাক্ষী হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শুকিয়া গ্রামের লোকজন।

ঘটনার বিবরণে জানা গেছে, ২০ অক্টোবর মোটরসাইকেলে করে পাকুন্দিয়া থেকে কিশোরগঞ্জ যাচ্ছিলেন মাসুম মিয়া (৩৫) নামের ওই যুবক।
পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি।

প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন।

১৪ দিন ঢাকা মেট্রোপলিটন হাসপাতালের ওআইসিতে রাখার পর অবস্থার অবনতি দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রিলিজ দেয়।

পরিবারের লোকজন তাকে বাঁচানোর কোনো আশা নেই জেনে রবিবার বিকেলে নিজ বাড়ি পাকুন্দিয়ায় ফিরিয়ে আনেন।

এ সময় রোগীর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে আবারো পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শহীদুল ইসলাম রোগীকে দেখে মৃত ঘোষণা করেন।

পরে বাড়িতে নিয়ে লাশের গোসল, কাফন ও জানাজা শেষে দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হয়।

দাফন করানোর সময় হঠাৎ লাশ নড়াচড়া করতে দেখা যায়। লোকজন নড়াচড়া দেখে ভয়ে চিৎকার করতে থাকে।

এ সময় নাসিম মিয়া নামে এক ব্যক্তি লাশের মুখ খুলে দেখেন সত্যিই মাসুম জীবিত।

এমনকি তিনি পানির জন্য হাহাকার করছেন। লোকজন তাড়াতাড়ি করে তাকে পানি পান করতে দেয়।

এরপর বাড়িতে নিয়ে গেলে আশপাশের কয়েক ইউনিয়নের হাজার হাজার মানুষ তাকে দেখতে রবিবার মধ্যরাত ও সোমবার বিকেল পর্যন্ত ভিড় জমায়।

সোমবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভাল থাকার পর হঠাৎ সন্ধ্যায় মাসুমের অবস্থার অবনতি হয়। এরপর নিজ বাড়িতেই মারা যান তিনি।

মাসুমের বাবা আমীর হোসেন জানান, রবিবার রাত ও সোমবার সারাদিন মাসুম খাওয়া-দাওয়া করে। সবার সঙ্গে কম-বেশি কথাও বলেছে। কিন্তু সন্ধ্যায় বুকে ব্যথা বলে চিৎকারের কিছুক্ষণ পর সে মারা যায়।

এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শহীদুল ইসলামকে কয়েকবার সেল ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud