April 20, 2026
ঢাকা: নায়ক নিরব। চলচ্চিত্রে তার অভিষেক খুব বেশি দিনের নয়। অভিনয় করেছেন অনেক ছবিতে। মুক্তি পেয়েছে দেড় ডজনের মতো।
বর্তমান ব্যস্ততা কেমন?
‘চার অক্ষরের ভালোবাসা’ ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়ে মুক্তির অপেক্ষায়। ‘লাভ ইন কোরিয়া’ সেন্সরে যাচ্ছে। ‘রাঙ্গা মন’ ছবির শুটিং শেষ করলাম। ‘গেম’ এখন সেন্সর বোর্ডে। ‘অন্তরে অন্তরে’ শেষের পথে। সামনে শুরু হবে ‘টার্গেট’ ছবির কাজ। ‘প্রবাসীর প্রেম’, ‘ভোলাতো যায় না তারে’। এর কাজ প্রায় শেষ। এ ছাড়া অঞ্জয় দত্তের ‘মনবাকসো’ ছবিতে কাজ করছি। এতে আমি দৈর্ঘ্য নামের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছি।
নায়ক না হলে নিরবকে অন্য কোনরূপে দেখা যেত?
ক্রিকেটার হতাম, ছোটবেলা থেকেই এ ইচ্ছাটাই মনের গভীরে লালন করে আসছিলাম।
নায়ক হিসেবে নিরবের দুর্বলতা আছে?
হ্যাঁ, আমি ভালো নাচতে পারি না।
মেয়েদের কোন জিনিসটি বেশি কাছে টানে?
সৌন্দর্য। শুধু বাহ্যিক নয়, মনও সুন্দর হতে হয়।
মিডিয়ায় মেধা জরুরি নাকি সংযোগ?
আগে মেধা পরে সংযোগ। মেধা দিয়ে জায়গা না করলে শুধু সংযোগে কাজ হবে না।
অভিনেতা হিসেবে ভালো গুণ কোনটি?
অবশ্যই ভালো ব্যবহার।
চলচ্চিত্রে অভিষেক হলো কিভাবে?
একটি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের সিরিজ বিজ্ঞাপনে কাজ করার পর আমার কাছে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব আসতে থাকে। ২০০৯ সালে শাহিন সুমন পরিচালিত ‘মন যেখানে হৃদয় সেখানে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করি।
অঞ্জয় দত্তের ‘মনবাকসো’ চলচ্চিত্রে কিভাবে অভিনয়ের সুযোগ হলো?
আমাকে ওখানকার প্রোডাকশন থেকে ফোন করা হয়। এরপর আমি অঞ্জয় দত্তের সঙ্গে দেখা করি। তিনি আমাকে জিজ্ঞেস করেন তার ছবি আমি দেখেছি কিনা। আমি সত্য কথাই বললাম, আমি আপনার ছবি দেখিনি তবে আপনার গানের খুব ভক্ত। এরপর তার ছবিতে কাজ করার সুযোগ পাই।
অভিনয়ে কাকে আদর্শ বলে মানেন?
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ আমার প্রিয় অভিনেতাদের একজন। তার অনবদ্য সাবলীল অভিনয় আমার খুব ভালো লাগত। ছোটবেলায় আমি তার অভিনয়ের অন্ধ ভক্ত ছিলাম। সে সময় ভাবতাম আমিও তার মতো জনপ্রিয় নায়ক হবো, তার অভিনয় দেখেই আসলে নায়ক হওয়ার চিন্তা মাথায় আসে।
সালমান শাহর ‘অন্তরে অন্তরে’ ছবির রিমেকের কাজ নিয়ে কিছু বলুন-
আমি সৌভাগ্যবান যে, সালমান শাহ অভিনীত এই ছবির রিমেকে কাজ করতে পারছি। এতে আমার বিপরীতে অভিনয় করবেন অমৃতা। ছবিটির রিমেক করছেন পরিচালক আতিক রহমান। এর ত্রিশভাগ কাজ শেষ হয়েছে। নতুনত্ব আনার জন্য পরিচালক কিছু নতুন চিন্তা করছেন।
‘গেম’ ছবিটি কখন মুক্তি পাবে?
‘গেম’ ছবিটি ঈদের আগেই মুক্তির চেষ্টা ছিল কিন্তু তা হলো না। তবে দর্শকদের জন্য এ ছবির গানগুলো ইউটিউব, ফেসবুকসহ অনলাইনে প্রকাশ পেয়েছে ২ অক্টোবর থেকে। ছবিটি শীঘ্রই মুক্তি পাবে। রয়েল অনিকের পরিচালনায় এ ছবিতে দর্শক আমাকে একটু নতুন রূপে দেখতে পাবে। আমার বিপরীতে অভিনয় করেছেন অমৃতা। জাকারিয়া সৌখিনের আন্ডার গ্রাউন্ডের গল্প নিয়ে এ ছবিতে সংগীতশিল্পী বিপ্লব অভিনয় করেছেন নেতিবাচক চরিত্রে।