April 20, 2026
ঢাকা: রাজধানীর সোবহানবাগ মসজিদের সামনে আজ মঙ্গলবার সকালে ছিনতাইকারীর কবলে পড়ে আয়েশা ওরফে রিপা নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আয়েশার স্বামীর নাম মোহাম্মদ শিমুল। তাঁদের বাসা লালমাটিয়ায়। ঘটনার প্রত্যক্ষদর্শী ইব্রাহিম খানের ভাষ্য, ভোর সাড়ে ছয়টার দিকে ওই নারী রিকশায় করে সোবহানবাগ মসজিদের সামনে দিয়ে লালমাটিয়ার দিকে যাচ্ছিলেন। চার থেকে পাঁচজন ছিনতাইকারী একটি মাইক্রোবাসে করে এসে ওই নারীর হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে পড়ে যান। ব্যাগটি ওই নারীর হাতে প্যাঁচানো থাকায় ছিনতাইকারীরা তা নিতে না পেরে ওই অবস্থায় তাঁকে হিঁচড়ে কিছু দূর নিয়ে যায়। একপর্যায়ে ব্যাগটি পেয়ে ছিনতাইকারীরা চলে যায়। তখন তিনি ওই নারীকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে আয়েশার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর ভগ্নিপতি নজরুল ইসলাম মুকুল জানান, গতকাল রাত ১০টার দিকে আয়েশা তাঁর মেয়ে রাইশাকে (৮) তাজমহল রোডে এক বোনের বাসায় রেখে ধানমন্ডিতে আরেক বোনের বাসায় যান। সেখান থেকে সকালে লালমাটিয়ায় নিজের বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম দাবি করেন, পান্থপথ থেকে লালমাটিয়ার বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়ে আয়েশা মারা যান