পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ইবোলায় আক্রান্তদের জন্য বিশেষ বিমান

Posted on October 21, 2014 | in আন্তর্জাতিক | by

79792_ebola bimanঢাকা: ইবোলা নিয়ে যুক্তরাষ্ট্রও মহাদুশ্চিন্তায়। ইবোলায় সংক্রমিতদের চিকিৎসা সুবিধা নিয়ে অসন্তোষ রয়েছে সে দেশে। এদিকে জার্মানি শুরু করেছে ইবোলায় আক্রান্তদের পরিবহনের জন্য বিশেষ বিমান তৈরির কাজ। এমন বিমান শুধু যুক্তরাষ্ট্রেরই রয়েছে। তবে তাদের বিমানে এমন সুবিধা থাকলেও সে দেশে ইবোলা ভাইরাসে সংক্রমিতদের চিকিৎসার সুব্যবস্থা আছে কিনা- এ প্রশ্ন বড় হয়ে উঠেছে। এ পর্যন্ত ইবোলায় আক্রান্ত হওয়ার আশঙ্কা নিয়ে কমপক্ষে দুজন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে শুরু করেছেন। তবে যুক্তরাষ্ট্রের চিকিৎসকরাই বলছেন, সেসব হাসপাতালে ইবোলার মতো ভয়ঙ্কর রোগের চিকিৎসার সুব্যবস্থা নেই। টেক্সাসের এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন টমাস এরিক ডানকান নামের এক ব্যক্তি। তিনি মারা গেছেন। দুজন নার্সের শরীরেও ইবোলো ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তাদের চিকিৎসা চলছে। হিসেবে মাত্র কয়েকজন হলেও এখনি সতর্ক না হলে ইবোলা বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বারাক ওবামা নিয়মিত নজর রাখছেন ইবোলা পরিস্থিতির দিকে। এ কারণে গত সপ্তাহে দুইবার দৈনিক কর্মসূচিতে পরিবর্তনও এনেছেন তিনি। জার্মানির একটি পত্রিকার খবর অনুযায়ী, জার্মান সরকার ইবোলা ভাইরাসে সংক্রমিতদের পরিবহনের জন্য বিশেষ বিমান তৈরির কাজ শুরু করেছে। ইবোলা-বিরোধী চলমান লড়াইয়ে আন্তর্জাতিক পর্যায়েও ভূমিকার রাখার চেষ্টা করছে জার্মানি। বার্লিনে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় ইবোলা। রোববার বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)-র শীর্ষ বৈঠকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী স্টাইনমায়ার ইউরোপিয়ান ইউনিয়ন, তথা সারা বিশ্বের প্রতিই ইবোলার বিরুদ্ধে এক হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘ইবোলার বিরুদ্ধে লড়াইয়ে একক কোনো দেশের পক্ষে সফল হওয়া সম্ভব নয়। এ লড়াইয়ে সবাইকেকে এক হয়ে কাজ করতে হবে।’ ইবোলা নিয়ে চারিদিকে যখন দুশ্চিন্তা বাড়ানোর খবর, তখনই স্পেন থেকে এলো সুখবর। স্পেনের এক নার্স এক রোগীর চিকিৎসা করতে গিয়েই ইবোলায় সংক্রমিত হয়েছিলেন। টেরেসা রোমেরো নামের সেই নার্সের আবার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। ফলাফল ‘নেগেটিভ’ অর্থাৎ তার শরীরে আপাতত ইবোলা ভাইরাস নেই।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud