April 19, 2026
ঢাকা: স্বপ্ননায়ক দেবের সঙ্গে দেখা করার জন্য ছাদ থেকে ঝাঁপ দেয় স্কুলছাত্রী সুমী দাশ। ভাবনা ছিল, লাফিয়ে পড়লে পত্রিকায় নিউজ হবে। আর নিউজ দেখে তাকে দেখতে আসবেন দেব। সেই স্বপ্নই যেন পুরণ হতে চলল সুমীর! সুমীর ভাবনা মতোই মঙ্গলবার সর্বপ্রথম তার লাফিয়ে পড়ার ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করে। কাঁটাতার পেরিয়ে খবর পৌঁছে যায় পশ্চিমবঙ্গে। সেখানেও খবর প্রকাশ করে দৈনিক
‘এই সময়’ পত্রিকা। তাদের শিরোনাম ছিল, দেব ‘দর্শন’-এর জন্য ঝাঁপ। খবর প্রকাশিত হবার পরপরই দেবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে জানা যায়, তিনি বর্তমানে ইতালিতে শুটিং নিয়ে ব্যস্ত। তবে এ ঘটনার খবর দেবের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি ফেসবুকে সুমীর জন্য সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি তার ভক্তদের কাছে এ ধরনের কাজ না করার জন্য অনুরোধ করেছেন। দেব লেখেন, এইমাত্র শুনলাম, সুমী নামের বাংলাদেশের একটি মেয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়েছে আমার দৃষ্টি আকর্ষণ করবার জন্য। আমার দৃষ্টি অবশ্যই আকর্ষণ করেছে সে। সুমীর উদ্দেশ্যে বিশেষভাবে দেব লেখেন, প্রিয় সুমী, তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো। আর প্রতিজ্ঞা কর, আর কোনোদিন তুমি এরকম করবে না! সুমীও স্বীকার করেছে তার ভুল। জানিয়েছে, এভাবে ঝাঁপ দেওয়া ঠিক হয়নি। তবে দেব সুমীর সাথে দেখা করবেন কিনা এ বিষয়ে কিছু জানাননি। এ ঘটনার পর হাসপাতালের চিকিৎসা শেষে সন্ধ্যায় রাজধানীর লালবাগে তার (সুমী) মামার বাসায় নেওয়া হয়। সে এখন বেশ সুস্থ।