February 23, 2026
আশকোনা হজ ক্যাম্প থেকে : রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে প্রতারিত প্রায় এক হাজার হজযাত্রীর আহাজারি চলছে। হজযাত্রীদের পাসপোর্টে ভিসা লাগলেও টিকিট নেই। আবার অনেকেই এখন পর্যন্ত ভিসাও পাননি বলে অভিযোগ করেছেন। শত শত হজযাত্রীকে এভাবে অসহায় রেখে সংশ্লিষ্ট হজ এজেন্সির মালিক ও গ্রুপ লিডাররা পালিয়ে সৌদি আরবে চলে গেছেন। আবার অনেকেই মোবাইল বন্ধ রেখে আত্মগোপনে রয়েছেন। পালিয়ে সৌদি আরবে যাওয়ার সময় রবিবার সকালে আল নাঈম ইন্টারন্যাশনালের ম্যানেজার ইকবাল হোসেনকে বিক্ষুব্ধ হজযাত্রীরা হযরত শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে আটক করে হজ ক্যাম্পে নিয়ে আসেন। এ সময় ওই এজেন্সির হজযাত্রীরা ইকবালকে পুলিশের হাতে তুলে দেন। বিমানবন্দর থানার ওসি শাহ আলম জানান, পালিয়ে যাওয়ার সময় ইকবালকে হজযাত্রীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাকে থানায় রাখা হয়েছে। এ পর্যন্ত ১০-১২টি হজ এজেন্সির বিরুদ্ধে এ ধরনের প্রতারণার অভিযোগ পাওয়া গেছে বলে জানান ওসি শাহ আলম। কয়েক দিন আগে আল নাঈম ইন্টারন্যাশনালের আরও এক কর্মচারীকে প্রতারণার অভিযোগ আটক করে পুলিশ। আল নাঈম ইন্টারন্যাশনালের হজযাত্রী পাবনার দোগাছী এলাকার মো. ঈমান আলী সরদার বলেন, গত ৫ দিন ধরে আমরা এখানে খেয়ে না খেয়ে পড়ে আছি। কিন্তু এজেন্সির লোকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের কাছ থেকে ২ লাখ ৭০ হাজার করে টাকা নিয়েছে মুয়াল্লিমরা। এখন পর্যন্ত বিমানের টিকিট তো দূরের কথা ভিসাও হয়নি। আল নাঈম ইন্টারন্যাশনালের ৫৯ জন হজযাত্রী অসহায়ভাবে হজ ক্যাম্পের ফ্লোরে আক্ষেপ করছেন আর দুই চোখের পানি ফেলছেন।
হজ ক্যাম্পের সহকারী হজ অফিসার আব্দুল মালেক জানান, ১২টি এজেন্সির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেছে। এ সব এজেন্সির অনেকেই সৌদিতে চলে গেছেন। আবার অনেকে মোবাইল বন্ধ রেখে আত্মগোপনে রয়েছেন। এ সব এজেন্সির হজযাত্রীদের যাদের টিকিট কাটার সামর্থ্য নেই তাদের আমরা টিকিটের ব্যবস্থা করার চেষ্টা করছি। তবে এখনও যারা ভিসা পাননি তারা কোনোভাবেই হজে যেতে পারছেন না। এ ব্যাপারে আমাদের কোনো করণীয় নেই। কারণ সৌদি দূতাবাস ইতোমধ্যে ভিসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য, ভুক্তভোগী এ সব হজযাত্রী বিমান বাংলাদেশের ফ্লাইটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার কথা ছিল। কিন্তু রবিবার বিমান বাংলাদেশের সর্বশেষ হজ ফ্লাইট সকাল সাড়ে ৯টায় সৌদি আরবের উদ্দেশে রওনা দেয়। এ কারণে প্রতারিত এ সব হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। তবে রবি, সোম ও মঙ্গলবার সৌদি এয়ারলাইন্সের হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে।