February 23, 2026
বিশেষ প্রতিনিধি:নাক, কান ও গলার চিকিৎসায় রোবট দিয়ে অপারেশন করা হবে। উন্নত বিশ্বের বিভিন্ন দেশে অনেক আগে থেকেই রোবটের মাধ্যমে চিকিৎসাসেবা চালু হলেও বাংলাদেশে এখনও চিকিৎসাসেবায় রোবটের উল্লেখযোগ্য ব্যবহার নেই। সম্প্রতি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রাজিবুল হক যুক্তরাষ্ট্রের পেনসিলভিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে রোবটিক সার্জারির ওপর উন্নত প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরেছেন। এখন থেকে তিনি রোবটের সহায়তায় নাক, কান ও গলার অপারেশন করবেন। নাক, কান ও গলার ক্ষেত্রে এই রোবটের ব্যবহার চিকিৎসাক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে ডা. রাজিবুল হক বলেন, ‘মানবদেহে যে সব অপারেশন সরাসরি করা কঠিন, সে সব অপারেশনের জন্যই রোবটের সাহায্য নেওয়া হয়ে থাকে। রোবট যন্ত্র সে সব জায়গায় সুক্ষ্ম ও সুন্দরভাবে অপারেশন করতে সক্ষম। এ ছাড়া চিকিৎসক অপারেশন এলাকা থ্রিডির মাধ্যমে দেখতে পান বলে ক্ষতস্থান সুক্ষ্মভাবে তার চোখে ধরা পড়ে।’ জানা গেছে, উন্নত দেশে বিভিন্ন ধরনের যেমন অর্থপেডিক, হৃদরোগ, মুত্রথলি ইত্যাদি সার্জারিতে রোবটের ব্যবহার হয়ে থাকে। এ সব ক্ষেত্রে কোনো কোনো সময় ৬ মিলিমিটার পর্যন্ত দেহ ছিদ্র করার প্রয়োজন হয়। কিন্তু নাক, কান, গলার চিকিৎসায় রোবটের যন্ত্র মানবদেহে ঢোকানো হয়। এক্ষেত্রে কোনো ছিদ্রের প্রয়োজন হয় না।