February 23, 2026
বিনোদন ডেস্ক
দাবার আসরে বসেছেন অপূর্ব-ভাবনা। খেলাটি দু’জনেরই খুব পছন্দ। এক সময় ভাগাভাগি করে দাবার কোর্টটি কিনেছিলেন তারা। তবে আজকের পরিস্থিতি অন্যদিনের মতো উৎসবমুখর নয়। দাবা খেলায় হারজিতের ওপর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ভর করছে। কি সেটা? জানা যাবে ‘রাজা রানীর খেলা’ টেলিছবিতে।
‘রাজা রানীর খেলা’য় অপূর্ব নেমেছেন রাজ চরিত্র নিয়ে, আর ভাবনা হচ্ছেন তিথি। দু’জন স্বামী-স্ত্রী। কিন্তু বেশ কিছুদিন ধরে বনছে না তাদের। সিদ্ধান্ত নেয় আলাদা হয়ে যাওয়ার। শুরু হয় ঘরের আসবাবপত্র ভাগাভাগি।
টেলিছবিটির মাধ্যমে অপূর্ব-ভাবনা প্রথমবারের মতো একফ্রেমে এসেছেন। এর আগে অনেকবার একসঙ্গে অভিনয় করার কথা থাকলেও বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়নি।
‘রাজা রানীর খেলা’ লিখেছেন মঈন আহমেদ, পরিচালনা করেছেন কৌশিক শংকর দাস। ২১ সেপ্টেম্বর এর দৃশ্যধারণ শেষ হয়েছে। নির্মাতা জানিয়েছেন, টেলিছবিটি আসছে কোরবানির ঈদে চ্যানেল নাইনে প্রচার হবে।