February 23, 2026
বিনোদন ডেস্ক
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে টুইটারই বলিউড তারকাদের কাছে সবচেয়ে প্রিয়। টুইটারে কোন তারকার অনুসারী কতো বেশি তা প্রায়ই খবরের শিরোনামে আসে।
কিছুদিন আগে জানা যায়, টুইটারে দেড় কোটি অনুসারী নিয়ে বলিউড তারকাদের মধ্যে সবার ওপরে আছেন অমিতাভ বচ্চন। তাকে ছুঁয়ে ফেলার পথে একধাপ এগোলেন শাহরুখ খান। ৪৮ বছর বয়সী এই সুপারস্টারের অনুসারী এখন ৯০ লাখ। তিনি টুইটারে যোগ দেন ২০১০ সালের জুলাইয়ে। তার সমসাময়িকদের মধ্যে সালমান খান ও আমির খানের অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ৮০ লাখ।
এদিকে শাহরুখকে ছুঁয়ে ফেলার পথে এগিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার অনুসারীর সংখ্যা ৭০ লাখ। তিনি টুইটারে যুক্ত হন ২০০৯ সালের জানুয়ারিতে। টুইটারে সবচেয়ে জনপ্রিয় তারকাদের মধ্যে তার অবস্থান চতুর্থ। ৩২ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, ‘ধন্যবাদ সবাইকে। আমাদের পরিবার ধীরে ধীরে বড় হচ্ছে। আপনাদের ভালোবাসায় আরও সামনে এগিয়ে যাব আশা করছি।’