May 28, 2026
স্পোর্টস ডেস্ক : লা লিগায় নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে অনেকটা খাদের কিনারা থেকে নিজেদের তৃতীয় ম্যাচে গোলের বন্যা বইয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। দেপোরতিভোকে ৮-২ গোলে হারিয়ে লা লিগার প্রথম দুই ম্যাচের হারের জ্বালা মিটিয়েছে আনচেলত্তির শিষ্যরা।
এর আগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-২ গোলে হারে রিয়াল মাদ্রিদ। পরের ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্সশিপে খেলতে যায় রোনালদো-রদ্রিগেজ-বেল-বেনজেমারা। ইউরোপ সেরার সে ম্যাচে বাসেলকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের আবারো নতুন রুপে মেলে ধরার আশ্বাস দিয়েছিল স্প্যানিস জায়ান্টরা।
আর সেই ধারাবাহিকতা ধরে রাখতেই কিনা অতিথি হয়ে দেপোরতিভোর মাঠে নেমেছিল আনচেলত্তির শিষ্যরা। ফলশ্রুতিতে স্বাগতিকদের গোলের বন্যায় ভাসিয়ে দিল রিয়াল। ম্যাচে হ্যাটট্রিক করেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া জোড়া গোল করেন গ্যারেথ বেল ও জাভিয়ের হার্নান্দেজ।
ম্যাচের শুরুতে কোনো গোল পায়নি রিয়াল। প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ম্যাচের ২৯ মিনিট পর্যন্ত। দলকে গোলের সূচণা এনে দেন রোনালদো। আরবেলোর কাছ থেকে বল পেয়ে দেপোরতিভোর জালে বল জড়ান তিনি। রোনালদোর গোলের ৭ মিনিট পর ম্যাচের ৩৬ মিনিটে রিয়ালকে এগিয়ে দিতে গোল করেন জেমস রদ্রিগেজ। করিম বেনজেমার দারুণ পাস থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে শট নিয়ে ব্যবধান বাড়ান রদ্রিগেজ।
৪১ মিনিটে দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। এবারও বলের জোগানদাতা বেনজেমা। ৩-০ গোলে অতিথি হয়ে দেপোরতিভোর মাঠে খেলতে নেমে প্রথমার্ধ শেষ করে রিয়াল।
বিরতি থেকে ফিরে সার্জিও রামোসের অবৈধ বাধায় পেনাল্টি লাভ করে স্বাগতিকরা। দেপোরতিভোর হয়ে পেনাল্টি নেওয়া হ্যারিস মেদুনজানিন ইকার ক্যাসিয়াসকে ফাঁকি দিয়ে ব্যবধান কমান ম্যাচের ৫১ মিনিটে।
ম্যাচের ৬৬ মিনিটে ব্রাজিল তারকা মার্সেলোর পাস থেকে বল নিয়ে রিয়ালের হয়ে চতুর্থ আর নিজের প্রথম গোল করেন ওয়েলস তারকা বেল। আর ৭৪ মিনিটে ইসকোর অ্যাসিস্টে নিজের দ্বিতীয় আর দলের পঞ্চম গোল করেন বেল।
ব্যালন ডি অর জেতা রোনালদো নিজের হ্যাটট্রিক পূরণ করেন ম্যাচের ৭৮ মিনিটে। বিশ্বকাপের গোল্ডেন বুট জেতা রদ্রিগেজের পাস থেকে গোলটি করেন পর্তুগিজ তারকা।
ম্যাচের ৮৪ মিনিটে স্বাগতিক দেপোরতিভোর হয়ে ব্যবধান কমান টোচে। সুয়েনসার পাস থেকে দলের দ্বিতীয় গোলটি করেন টোচে।
ম্যাচের ৮৮ মিনিটে ইসকোর পাস থেকে দলের সপ্তম আর নিজের প্রথম গোল করেন জাভিয়ের হার্নান্দেজ। নিজের জোড়া গোল পূর্ণ করতে হার্নান্দেজ আরো চার মিনিট সময় নেন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মার্সেলোর অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন হার্নান্দেজ।
অবশেষে ম্যাচের পরিসংখ্যান দাঁড়ায় রিয়াল মাদ্রিদ ৮: ২ দেপোরতিভো।