April 5, 2026
স্টাফ রিপোর্টার: সরকারের উদ্দেশে নবনির্বাচিত ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ভয় পাবেন না, বিএনপি একটি রাজনৈতিক দল। আমরা অহিংস আন্দোলন করবো। কিন্তু আমাদের অহিংস আন্দোলনে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী দিয়ে আক্রমণ চালাবেন না। আজ ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। শুক্রবার রাতে মহানগরের নতুন দায়িত্ব পাওয়ার পর এই প্রথম মিডিয়ার সামনে কথা বলেন মির্জা আব্বাস। শনিবার রাতে তার শাহজাহানপুরের বাসায় সাংবাদিকদের সামনে কথা না বলা সম্পর্কে তিনি বলেন, ওই আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলাম। সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারিনি। আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মির্জা আব্বাস বলেন, ইসরাইলের সঙ্গে বিএনপির কোন সম্পর্ক নেই। কিন্তু ইসরাইলের সঙ্গে আওয়ামী লীগের চুক্তি রয়েছে। এর পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, ভারতের সাবেক কংগ্রেস সরকার ইসরাইলের সামরিক চুক্তি করেছিল। ওই কংগ্রেস সরকারই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। তাই ইসরাইলের সঙ্গে চুক্তি রয়েছে আওয়ামী লীগের। ডিএমসিএইচ শাখার সভাপতি ডা. একেএম মিহউদ্দিন মাসুমের সভাপতিত্বে বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এজেডএম জাহিদ হোসেন, ড্যাব সভাপতি একেএম আজিজুল হক প্রমুখ বক্তব্য রাখেন।