April 4, 2026
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, ‘আমরা ফরমালিন যুদ্ধে জয়লাভ করেছি। এখন ফল কিনলে রং বদলায় এবং পঁচে যায়। এই কৃতিত্ব সম্পূর্ণ জনগণের।’ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ফরমালিন ও খাদ্য নিরাপত্তা’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘সারাদেশের মানুষ ফলে ফরমালিনের ব্যবহার দেখে একসময় হতাশ হয়ে পড়েন। তারা মনে করেছিলেন, কখনো বিষমুক্ত ফল খেতে পারবেন না। তবে ডিএমপির অভিযানের পর ঢাকা শহরে ফলমূলে ফরমালিনের ব্যবহার অনেকাংশে কমেছে।’ ডিএমপি কমিশনার বলেন, ফরমালিনের বিরুদ্ধে অভিযানের সময় মানুষের কাছ থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ফোন এসেছে। তারা জানতে চেয়েছেন, কখন তাদের এলাকায় অভিযান চালানো হবে।
জনগণের সহযোগিতা ছাড়া এই ফরমালিনের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করা অসম্ভব ছিল বলেও উল্লেখ করেন কমিশনার। তিনি আরো বলেন, মানুষ তার মৌলিক অধিকারের প্রথমটিই নিশ্চিত করতে পারছিলেন না। কেউ না জেনে, কেউ স্বেচ্ছায় ফরমালিন মিশিয়ে কিলিং মিশনে নেমেছিলেন। তাদের জন্যই ডিএমপি এ উদ্যোগ নেয়। ফরমালিনের ভয়াবহতা ও প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ফরমালিনের ব্যবহারের কারণে দেশে ক্যান্সারের ওষুধ আমদানি ২০ শতাংশ বেড়েছে। থাইল্যান্ড, সিঙ্গাপুর ও কলকাতাগামী ৯০ শতাংশ যাত্রী চিকিৎসা করতে যাচ্ছেন, বিকলাঙ্গ শিশু জন্মের সংখ্যা বেড়েছে। সবকিছুর মূলই খাদ্যের ফরমালিন ও বিষক্রিয়া। বেনজীর আহমেদ বলেন, ইদানিং খাদ্যের পাশপাশি ওষুধেও ভেজাল দেওয়া হচ্ছে, সঠিক পরিমানে উপকরণ দেওয়া হচ্ছে না। খাদ্যে ভেজালবিরোধী অভিযানে ৫-৬টি সংস্থা কাজ করে। এতে অনেক সময় সমন্বয়হীনতা দেখা যায়। এজন্য ফুড এবং ড্রাগসকে একটি স্বতন্ত্র অধিদফতরের আওতায় আনার পরামর্শ দেন তিনি। সেমিনারে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. দ্বীন মো. নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ড. আলেয়া মাওলা, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ডা. মো. আবদুল মতিন প্রমুখ।