April 4, 2026
ঢাকা: ভিক্ষুক ঠেকাতে রাজধানীতে বসছে সক্রিয় হচ্ছে মোবাইলকোর্ট।রাজধানীর বিমানবন্দর এলাকা, হোটেল সোনারগাঁও, রূপসী বাংলা ও রেডিসন হোটেল, বেইলী রোড এবং রাজধানীর কুটনৈতিক জোন ও দূতাবাস এলাকাগুলো ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ঢাকার গুরুত্বপূর্ণ ৭টি এলাকা ভিক্ষুকমুক্ত করতে গত বছরের ২২ জানুয়ারি সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়িত হয়নি। মন্ত্রী বলেন, ঢাকা শহরকে ভিক্ষুকমুক্ত করতে এর আগে উদ্যোগ নিয়েও অনেকে ব্যর্থ হয়েছেন। এখন আমরা আর ব্যর্থ হতে চাই না। তিনি বলেন, ঢাকার বিমানবন্দর এলাকা, হোটেল সোনারগাঁও, রূপসী বাংলা ও রেডিসান হোটেল, বেইলী রোড এবং রাজধানীর কুটনৈতিক জোন ও দূতাবাস এলাকাগুলো ভিক্ষুকমুক্ত রাখতে রোজার ঈদের পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। মন্ত্রী বলেন, “আমরা প্রস্তুতি নিয়ে কাজটি (ভিক্ষুকমুক্ত) করতে চাই। ভ্রাম্যমাণ আদালত বসানোর আগে ওইসব এলাকায় মাইকিং করা হবে।” বাংলাদেশ থেকে ভিক্ষাবৃত্তি দূরীকরণে ‘অনেক কিছুই’ করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, “ইউ (সাংবাদিক) জাস্ট ওয়েটিং।” তিনি বলেন, ভিক্ষুক চক্রের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে পুরো দেশকেই ‘পরিবর্তন’ করা হবে। মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী সবাইকে নাগরিক অধিকার দেয়ার ব্যাপারে কথা দিয়েছেন। এরপরেও কেন তারা ভিক্ষা করবে? আমরা তো সরকারে আছি, আমরা ঘোড়ার ঘাস কাটি নাকি?” সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাছিমা বেগম ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ঢাকা মেট্টোলিটন পুলিশ ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।