April 4, 2026
ঢাকা: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আইন মেনে মোটরসাইকেল চালানোর বিষয়ে মঙ্গলবার সকালে গণসচেতনাতামূলক কর্মসূচি ও অভিযানে চালিয়েছে। রাজধানীর ফার্মগেট এলাকায় পরিচালিত এ কর্মসূচি ও অভিযানে সাড়ে ৯টায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের’র যোগ দেওয়ার কথা। মন্ত্রী আসার আগেই সোয়া নয়টার দিকে কর্মসূচি ও অভিযান পরিচালনা শুরু করে বিআরটিএ। অভিযান শুরুর প্রায় সোয়া এক ঘণ্টা পরে সাড়ে ১০টার দিকে আসেন মন্ত্রী। এর আগেই সোয়া এক ঘণ্টার অভিযানে প্রায় অর্ধশত মোটরসাইকেল চালককে কাগজ না থাকা এবং হেলমেট না পরার কারণে মামলা দেওয়া হয়। মন্ত্রী ঘটনাস্থালে এসেই ঘোষণা দেন বিআরটিএর অভিযান অব্যাহত থাকবে। তিনি অভিযানে নেতৃত্ব দেওয়া বিআরটিএ’র নির্বাহী পরিচালক আবুল বাশারকে নির্দেশনা দিয়ে বলেন, এমনভাবে অভিযান পরিচালনা করুন যাতে রাতারাতি অবস্থার পরিবর্তন হয়ে যায়। কেউ যাতে কাগজ (লাইসেন্স) ছাড়া এবং হেলমেট ছাড়া গাড়ি না চালায়। নির্বাহী পরিচালক আবুল বাশারকে এ নির্দেশ দেওয়ার পর প্রায় ১৫ মিনিট ঘটনাস্থলে অবস্থান করেন মন্ত্রী। এ সময় তিনি দুটো মোটর সাইকেল চালকের কাগজ চেক করেন। মন্ত্রী আসায় বেড়ে যায় অভিযানের তৎপরতাও। তবে ১৫ মিনিট অবস্থান করে মন্ত্রী ঘটনাস্থল ত্যাগ করার পাঁচ মিনিটের মধ্যে পাল্টে যায় দৃশ্যপট। বন্ধ হয়ে যায় গণসচেতনাতামূলক কর্মসূচি ও অভিযান। চারটি ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকা বিআরটিএ’র কর্মকর্তারা তড়িঘড়ি করে সব কটি ব্যানার ভাঁজ করে ব্যাগে ভরে ফেলেন। সেই সঙ্গে অভিযান বন্ধ করে ঘটনাস্থল ছেড়ে যান বিআরটিএ’র নির্বাহী পরিচালক আবুল বাশার ও তার সঙ্গে থাকা ট্রাফিক পুলিশ ও সার্জেন্টরা। অথচ ঘটনাস্থলে এসে মন্ত্রী সাংবাদিকদের বলেন, বিআরটিএ অভিযানে নেমেছে, তাদের এ অভিযান অব্যাহত থাকবে। মন্ত্রী বলেন, বিআরটিএ শুধু আজকের জন্য না, সারা বছর অভিযান পরিচালনা করবে। আমি নিজেও মাঝেমধ্যে এসব অভিযানে অংশ নিই এবং নেবো। সাংবাদিকদের সামনে মন্ত্রী বিআরটিএ’র নির্বাহী পরিচালক আবুল বাশারকে বলেন, অনেক মোটরসাইকেল আছে যার রেজিস্ট্রেশন নেই, অনেকে হেলমেট ছাড়াই গাড়ি চালান। অনেকে ফুটপাতের উপর দিয়ে চালায়। এসব অনিয়ম বন্ধ করতে হবে।
মোটরসাইকেল চালানোর বিষয়ে বিআরটিএ’র নির্দেশনা