April 5, 2026
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের মদীনায় পবিত্র মসজিদে নববীতে ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাতে তারা সেখানে পরিবার-পরিজন নিয়ে তারাবীর নামাজ আদয় করেন এবং এরপরে মহানবী (সাঃ) এর রওজা মোবারক জিয়ারত শেষে নফল নামাজ আদায় করেন। রিয়াজুল জান্নাত সেই পবিত্র স্মৃতি বিজড়িত স্থান যেখানে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) তাঁর সাহাবীদের নিয়ে নামাজে দাঁড়াতেন। সেই পবিত্র স্থানে নফল নামাজ আদায় ও দেশ ও মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করেছেন খালেদা জিয়া ও তারেক রহমান। মসজিদে নববীতেই তারা ফজরের নামাজ আদায় করেন। এর আগে রবিবার রাত ১২টা ১০ মিনিটে খালেদা জিয়া ও তারেক রহমান মসজিদে নববীতে অবস্থিত মহানবী হযরত মুহাম্মদ সা.-এর রওজা মোবারক জিয়ারত করেন। সেখানে দোয়া মোনাজাত করেন তারা। এসময় সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান, মেয়ে জাইমা রহমান, মিসেস শামীম ইস্কান্দারসহ বিএনপি চেয়ারপারসনের সফর সঙ্গীরা, একি সময় মদীনায় অবস্থানরত দলের একাধিক কেন্দ্রীয় নেতা এবং বিএনপি চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের সংবাদ কাভার করতে বাংলাদেশ থেকে যাওয়া সাংবাদিকরা। এদিকে রবিবার সন্ধ্যায় সৌদি বিএনপির নেতাকর্মীদের নিয়ে মসজিদে নববিতে ইফতার করেন তারেক রহমান। প্রতি ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন এবং ব্যক্তিগত নফল ইবাদতের পর বিশেষ মোনাজাত করেন। মঙ্গলবার সন্ধ্যায় তারা মক্কার উদ্দেশ্যে রওয়ানা হবেন। সৌদি বাদশাহ’র আমন্ত্রণে মদিনা সফররত বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও পরিবারের সদস্যরা মসজিদে নববীর সন্নিকটে দারুল ঈমান হোটেলে অবস্থান করছেন।