April 19, 2026
লন্ডন প্রতিনিধি: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি সুখী, সুন্দর ও স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রত্যেককে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় ও রাজনৈতিক সংকীর্ণতা পরিহার করতে হবে। সব বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হয়ে অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা ও সফলতা থেকে অনুপ্রেরণা নিয়ে, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাঙ্খিত ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, দল, মত, বিশ্বাস ও দর্শন যার যার, কিন্তু দেশটা সবার। দেশ কারো একার নয়, আমাদেরকে দেশের কথা প্রথমে ভাবতে হবে। আগামীর কাঙ্খিত চ্যালেঞ্জগুলো অর্জনে সফল হলে আমরা দল মত নির্বিশেষে সকলেই লাভবান হবো। তাই প্রত্যেককে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়েই গড়ে তুলতে হবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় ইংল্যান্ডের এসেক্স শহরের সিটি প্যাভিলিয়ন হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিশ্ব অর্থনীতির পালা বদলে এবং ভৌগোলিক কারণে গ্লোবাল ভিলেজে বাংলাদেশ এক অপার সম্ভাবনার নাম। কিন্তু এই সম্ভাবনার সফল বাস্তবায়ন নির্ভর করবে সবার দায়বদ্ধতা, কর্মকান্ড ঐক্য ও অর্জনের উপর। তাই স্বনির্ভর বাংলাদেশ গড়তে প্রত্যেককে কিছু কিছু ক্ষুদ্র স্বার্থের উর্ধ্বে ওঠা প্রয়োজন। তাহলে একটি ধ্বংসস্তুপের মধ্য থেকেও একটি উৎপাদনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনায় মঞ্চে উপবিষ্ঠ ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মানবাধিকার কর্মী ব্যারিস্টার হাসনাত হোসেন এমবিই, কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর এম এ মালেক, যুক্তরাজ্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক এমপি নাজিমুদ্দিন আলম, ইউরোপভিত্তিক প্রবাসী বাংলাদেশীদের সংগঠন সিটিজেন মুভমেন্টের আহবায়ক এম এ মালেক এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতারা। সভায় আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির ভাইস প্রেসিডেন্ট আখতার হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন জাহিদ এবং ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল মুকিত খান। তারেক রহমান কোন রাজনৈতিক বক্তব্য না রেখে দেশকে নিয়ে তার ব্যক্তিগত চিন্তা ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে দুই দশকের বেশি সময়ের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ অভিজ্ঞতার আলোকে আমার নিজেরও চিন্তা, চেতনা এবং কর্মকান্ড জুড়ে রয়েছে একটি সমৃদ্ধশালী ও উন্নত বাংলাদেশের স্বপ্ন ও পরিকল্পনা। বিশ্ব মানচিত্রে যার পরিচয় হবে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, শিল্পায়নে স্বার্থক, অর্থনীতিতে গতিশীল, মানব সম্পদে ঐশ্বর্যমন্ডিত, সামাজিকভাবে ঐক্যবদ্ধ ও মূল্যবোধ সম্পন্ন একটি উন্নত রাষ্ট্র হিসেবে। সভার শুরুতেই তারেক রহমান বুখারী শরিফের একটি হাদীস উল্লেখ করে বলেন, ‘তোমাদের কেউ সিয়ামের দিন যেন অশ্লীল কথা না বলে এবং শোরগোল ও চেঁচামেচি না করে। কেউ তাকে গালমন্দ করলে বা তার সাথে ঝগড়া করলে সে শুধু বলবে, আমি সিয়াম পালনকারী।’ এরপর তারেক রহমান তার প্রায় এক ঘন্টার বক্তব্যে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষি, শিক্ষা কর্মসংস্থান, শিল্পায়ন, পরিবেশ ও জ্বালানী, অবকাঠামো ও স্থানীয় উন্নয়নসহনসহ বিভিন্ন বিষয়ে তাঁর কিছু কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, কারো বিরুদ্ধে কিছু বলতে চাইনা, শুধু গতানুগতিক রাজনৈতিক বক্তব্যের বাইরে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিছু উন্নয়ন পরিকল্পনা তুলে ধরতে চাই।