April 25, 2026
কুষ্টিয়া: হাসানুল হক ইনুআরেকটা নির্বাচনের দাবি উত্থাপনের আগে বাংলাদেশের গণতন্ত্রকে নিরাপদ করতে, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও যুদ্ধাপরাধীদের যে সমস্যা, সেটা সমাধানে একটি জাতীয় সংলাপ হওয়া দরকার বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের কাছে মন্ত্রী এ কথা বলেন। তিনি সেখানে বিশ্ব জনসংখ্যা দিবসের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঈদের পর ২০ দলীয় জোটের আন্দোলন সম্পর্কে মন্ত্রী বলেন, ‘গণতন্ত্রে দাবি উত্থাপন, মিটিং, মিছিল-সভা করার রেওয়াজ আছে। মিটিং-মিছিল ঠেকানোর কোনো পরিকল্পনা সরকারের নাই। নাশকতা, অন্তর্ঘাত বোমাবাজি, পেট্রল দিয়ে বাসে মানুষ পুড়িয়ে মারা—এসব ঘটনা যদি না ঘটান তাহলে উনারা এক হাজারবার মিছিল করতে থাকুক, দাবি উত্থাপন করতে থাকুক।’ খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে ইনু বলেন, ‘আপনি গণতন্ত্র চান, তাহলে গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতাকে বর্জন করার একটা জাতীয় চুক্তিতে স্বাক্ষর করবেন।’
সমুদ্রসীমা রায় সম্পর্কে বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক আদালতের মধ্য দিয়ে সমুদ্র-সংক্রান্ত বিষয়ে একটা রায় পেয়েছি, এটা যদি পছন্দ কারও না হয়ে থাকে তাহলে বিএনপি নেতৃবৃন্দকে বলব, এটা সমাধান করার আন্তর্জাতিক পদ্ধতি কী, এ ব্যাপারে যদি তাঁরা বলতেন, তাহলে সরকার উপকৃত হতো। তবে আন্তর্জাতিক আদালতের রায় ভারত মেনে নিয়েছে। বাংলাদেশ সরকার এবং আমরা মনে করি ২৫ হাজার বর্গকিলোমিটারের ভেতরে ১৯ হাজার বর্গকিলোমিটার রায়ের মধ্য দিয়ে আমাদের অনুকূলে এসেছে।’
এ সময় মন্ত্রীর সঙ্গে সেখানে জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।