April 26, 2026
নওরিন হাসান খান জেনি অভিনয় করেন। খুব ছোটবেলায় বিজ্ঞাপনের মাধ্যমেই মিডিয়ায় যাত্রা শুরু করেন তিনি। জেনি এখন টিভি নাটকের পরিচিত মুখ। ৯ জুলাই রাত ৮টা ৪০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘দাগ’। এই নাটক ও জেনির বর্তমান ব্যস্ততা নিয়ে তিনি কথা বলেন বাংলানিউজের সঙ্গে।
মাস দু’য়েক ধরে আপনার কোন কাজের খবর পাওয়া যাচ্ছে না। কোথায় ছিলেন এতদিন?
নওরিন হাসান খান জেনি: আকিদুল ইসলামের ‘দূরের বাড়ি কাছের মানুষ’ ধারাবাহিকের শুটিং করতে মে মাসের মাঝামাঝি সময়ে অস্ট্রেলিয়া গিয়েছিলাম। ফিরেছি জুনের প্রথম দিকে। দেশে ফিরেই পরেছিলাম এক ঝামেলায়।
কি সেটা?
জেনি: ঘরের মেঝেতে পা পিছলে পরে গিয়ে প্রচন্ড আঘাত পেয়েছিলাম। তারপর টানা এক মাস বিছানায়। নাটকের কাজ তো দূরের কথা, ঘর থেকে বেরুতেই পারিনি।
সুস্থ্য হওয়ার পর কি এই প্রথম কাজ করছেন?
জেনি: না। এ মাসের প্রথমদিকে নির্মাতা আলী ফিদা একরাম তোজোর ‘পারিবারিক জীব’ নাটকেরই একদিন শুটিং করেছিলাম। এটির কাজ করার কথা ছিলো অনেক আগেই। কিন্তু আমার অসুস্থ্যতার কারণে বারবার পিছিয়েছে শুটিং। নির্মাতাকে ধন্যবাদ যে, সুস্থ্য হওয়া পর্যন্ত পরিচালক অপেক্ষা করেছেন আমার জন্য।
‘পারিবারিক জীব’ নাটকের গল্প কি নিয়ে?
জেনি: এক নতুন দম্পতির পারিবারিক কলহ নিয়ে। এতে আমার স্বামীর চরিত্রে আছেন ইন্তেখাব দিনার। তিনি বিজ্ঞাপনী সংস্থায় চাকরি করেন। আয় খুবই কম। প্রথমত এটা নিয়েই জটিলতা শুরু হয়। আমাদের বাড়ির সামনে একটা কাঁঠাল গাছ থাকে। আমরা সিদ্ধান্ত নেই, যার যত অভিযোগ ঐ কাঁঠাল গাছের কাছেই বলবো। ঘরে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করবো না। কিছুদিন সংসার ভালোই চলে। কিন্তু এক সময় গাছটির মালিক সেটি কেঁটে ফেলার সিদ্ধান্ত নেন। এরপর আরো অনেক ঘটনা। নাটকটি রোজার ঈদে এনটিভিতে প্রচার হবে।
আপনি তো দেশের বাইরে যান খুব কম। এবারের অস্ট্রেলিয়া সফর কেমন হলো?
জেনি: খুবই মজা করেছি। ধারাবাহিকটির কাজ করতে আমরা মাত্র তিন জন গিয়েছিলাম। আমি, আনিসুর রহমান মিলন ও নিলয়। বেশি লোকজন থাকলে বিভিন্ন রকম ঝামেলা তৈরি হয়। ঝামেলাটা শুরু হয় রুমমেট থেকে। একজন আরেকজনের পছন্দের সঙ্গে মেলে না, মানসিক দ্বন্দ্ব চলে। আমাদের ক্ষেত্রে সেটা হয়নি।
শুটিং না থাকলে বাসায় সময় কাটান কিভাবে?
জেনি: সিনেমা দেখি। আমার বাসায় বিভিন্ন দেশের সিনেমার ডিভিডির বিশাল সংগ্রহ আছে। আমি তিন-চারটা সিনেমা একটানা বসে দেখে ফেলতে পারি।
এটিএন বাংলায় আপনার অভিনীত ‘দাগ’ ধারাবাহিকটির প্রচার শুরু হয়েছে…
জেনি: হ্যাঁ, এরই মাঝে নাটকটির ৬টি পর্ব প্রচার হয়েছে। ফেরদৌস হাসানের রচনায় নাটকটি নির্মাণ করেছেন সবুর খান ও মোস্তফা ওয়াহিদ রেজা। এতে আমি ও সাঈদ বাবু ভাই বোন চরিত্রে অভিনয় করি। আমাদের বাবা রাইসুল ইসলাম আসাদ। তিনি কিডনির সমস্যায় ভুগছেন। কিডনি প্রতিস্থাপন করা লাগবে। কিন্তু কেউ কিডনি দিতে রাজি হচ্ছে না। এরকম একটি গল্প নিয়ে এগিয়ে যায় নাটকটি।