April 27, 2026
নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ‘রাজনৈতিক উন্মাদ’ বলে অভিহিত করেছেন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। সোমবার ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ তথ্যমন্ত্রী ইনুকে এই তকমা দেন। বিজ্ঞপ্তিতে গত শুক্রবার রাজধানীর স্বামীবাগে হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অশালীন ভাষায় বক্তব্য ও তাঁর জীবননাশের হুমকি দিয়েছেন বলে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘নিজের দলের নীতি ও আদর্শ বিসর্জন দিয়ে ইনু এখন হাসিনার কাছে নাকে খত দিয়ে রাজনীতি করছেন। অবৈধ হাসিনা সরকারের মন্ত্রিত্বে আসীন হয়েছেন। নিজ স্বার্থ ও ক্ষমতার লোভে ইনু অমানুষে পরিণত হয়েছেন।’ বিজ্ঞপ্তিতে মন্ত্রীকে হুঁশিয়ারি করে দিয়ে বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে আবোল-তাবোল না বকে সোজা পথে আসুন; তা না হলে এ দেশের ছাত্র জনতার প্রতিরোধের মুখে আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ইনু ১৯৭২-৭৫ সাল পর্যন্ত গণবাহিনী গঠন করে নির্বিচারে মানুষ হত্যা করেছেন। দেশের গণতন্ত্রকে ধ্বংসের পেছনেও তাঁর চক্রান্ত রয়েছে।