April 28, 2026
ঢাকা: কেলেংকারির দায় মাথায় নিয়ে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে শেখ আবদুল হাই বাচ্চুর পদত্যাগের পর ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদকে। রোববার অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে শনিবার অর্থমন্ত্রীর কাছে পদত্যাগ পত্র জমা দেন আবদুল হাই বাচ্চু।
এর একদিন পর সমস্যা সংকুল বেসিক ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো। একই সঙ্গে বেসিক ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদও ভেঙে দেওয়া হয়েছে। আলাউদ্দিন এ মজিদ এর আগে ১৯৯৩ সালের ডিসেম্বরে বেসিক ব্যাংকে মহাব্যবস্থাপক হিসাবে যোগদান করেন আলাউদ্দিন এ মজিদ। এরপর ১৯৯৬ সালে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ১৯৯৮ সালে ব্যবস্থাপনা পরিচালক হন। সাড়ে চার হাজার কোটি টাকার ঋণ কেলেংকারির দায়ে বেসিক ব্যাংকের পর্ষদকে দায়ী করে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিতে অর্থমন্ত্রীকে চিঠি দেয়। একই অভিযোগ বরখাস্ত করা হয় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকে। ২০০৯ সালে শেখ আবদুল হাই বাচ্চুকে বেসিক ব্যাংকের চেয়ারম্যান হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ দেওয়ার পর ২০১২ সালে তা নবায়ন করা হয়। চেয়ারম্যান থাকাকালে তার বিরুদ্ধে, ঋণ কেলেঙ্কারিসহ নানা আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে।