April 23, 2026
ঢাকা: যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় সিআইডিকে পুনর্তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলায় র্যাবের দেওয়া চার্জশিটের বিরুদ্ধে বাদীপক্ষের নারাজি আবেদনের প্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো, তারেক মইনুল ইসলাম ভূঁইয়ার আদালত সোমবার পুনর্তদন্তের আদেশ দেন। গত ৯ জুন ঢাকার সিএমএম আদালতে র্যাবের দেওয়া চার্জশিটের বিরুদ্ধে নারাজি দেন মিল্কির ভাই মামলার বাদী রাশেদুল হক মিল্কি। বাদীপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মুনসুর রিপন এ নারাজি দরখাস্ত দাখিল করেন। তিনি জানান, মামলার চার্জশিট পর্যালোচনা করে চার্জশিট থেকে যেসব আসামির নাম বাদ দেওয়া হয়েছে তাদের মামলায় সম্পৃক্ত করতেই ওই নারাজি দরখাস্ত দেওয়া হয়। গত ১৫ এপ্রিল ১২ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১ এর সহকারী কমিশনার কাজেমুর রশিদ। চার্জশিটে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবলীগ নেতা এইচএম জাহিদ সিদ্দিকী তারেককে প্রধান আসামি করা হয়েছে।
র্যাবের চার্জশিটে অভিযুক্ত অন্য ১১ আসামি হলেন সাখাওয়াত হোসেন চঞ্চল, ফাহিমা ইসলাম লোপা, মো. জাহাঙ্গীর মণ্ডল, শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম ওরফে হাবিব, মো. সোহেল মামুন, চুন্নু মিয়া, আরিফ, ইবরাহীম খলিল, রফিকুল ইসলাম এবং শরীফুদ্দিন চৌধুরী। চার্জশিটভূক্ত ১২ আসামির মধ্যে ফাহিমা ইসলাম লোপা জামিনে আছেন। সাখাওয়াৎ হোসেন, আরিফ, ইব্রাহীম ও রফিকুল পলাতক। বাকিরা আটক রয়েছেন। গত বছরের ২৯ জুলাই রাতে গুলশানে শপার্স ওয়ার্ল্ড নামে একটি বিপণি বিতানের সামনে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক রিয়াজুল হক খান মিল্কিকে গুলি করে হত্যা করা হয়। ওই বিপণি বিতানের ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র দেখে মিল্কির এক সময়ের সহযোগী যুবলীগের আরেক নেতা জাহিদ সিদ্দিকী তারেকসহ ভাড়াটে কিলাররা তাকে হত্যা করে বলে নিশ্চিত হন পুলিশ কর্মকর্তারা। এ ঘটনায় মিল্কির ছোট ভাই রাশেদুল হক খান বাদী হয়ে গুলশান থানায় এজাহার নামীয় ১১ জন এবং অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার এজাহারভূক্ত ১১ আসামির মধ্যে হত্যাকারী বলে চিহ্নিত জাহিদ সিদ্দিকী তারেকসহ ৭ জনকে আটক করে পুলিশ। ফরচুন হাসপাতাল থেকে গুলশান থানায় নেওয়ার পথে তারেকের সহযোগীরা র্যাবের গাড়িতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে উভয়পক্ষের গুলি বিনিময়কালে তারেক ও তার সহযোগী শাহ আলম নিহত হন। আটকদের মধ্যে মিল্কি হত্যার দায় স্বীকার করে ৬ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।