April 23, 2026
ঢাকা: রাজধানীর মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন বিহারি ক্যাম্প এলাকায় স্থানীয়দের সঙ্গে বিহারিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুর সোয়া ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিহারি নেতারা মোহম্মদপুরে পূর্ব নির্ধারিত বৈঠক শেষে মিরপুরে ফিরলে স্থানীয়দের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সংঘর্ষ এড়াতে বিহারিদের ধাওয়া দিয়ে ক্যাম্পে পাঠিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে দু’পক্ষের সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধরা বেশ কয়েকটি গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। এসময় তারা ব্র্যাক ব্যাংকের মিরপুর শাখায় ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষের পর থেকে বাউনিয়া বাঁধ থেকে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি এপিসি নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন পল্লবী থানার অফিসার ইনচার্জ জিয়াউজ্জামান। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।