May 7, 2026
ঢাকা: খাদ্য মন্ত্রণালয়ের আওতায় মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ প্রজেক্ট’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে ২১০ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার বিকেলে অর্থমন্ত্রণালয়ের মাধ্যমে এনইসি-২ সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আরাস্তু খান এবং বিশ্ব ব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ক্রিসটিন ই কিমস চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর শেষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী প্রধান মীর আহমেদ তারিকুল ওমর চুক্তির মূল উদ্দেশ্য সম্পর্কে বলেন, বাংলাদেশে খাদ্যশস্য মজুদ বৃদ্ধির লক্ষ্যে কৌশলগত স্থানে ৫ লাখ ৩৫ হাজার ৫০০ মেট্টিক টন ধারণ ক্ষমতার আটটি আধুনিক স্টিল সাইলো নির্মাণ। দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে খাদ্য শস্য বা বীজ সংরক্ষণের নিমিত্তে থানা পর্যায়ে হাউজহোল্ড সাইলো বিতরণ।
তিনি আরও জানান, এ ঋণের ওপর বিশ্বব্যাংককে ০.৭৫ শতাংশ সার্ভিস চার্জ প্রদান করতে হবে। দশ বছরের গ্রেস পিরিয়ডসহ ৪০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। খাদ্য মন্ত্রণালয়ের অধীনে জানুয়ারি ২০১৪ হতে আগামী জুন ২০২০ সালের মধ্যে বরিশাল, নারায়ণগঞ্জ, ঢাকা, আশুগঞ্জ, ময়মনসিংহ, মহেশ্বরপাশা (খুলনা) ও চট্টগ্রামের মধুপুরে বাস্তবায়িত হবে।