May 7, 2026
বিনোদন: টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সম্প্রতি বাংলাদেশে এসেছেন। ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবির শ্যুটিংয়ে অংশ নিতেই শুভশ্রীর বাংলাদেশে আসা। আর এ নিয়ে বাংলাদেশী মিডিয়া পাড়ায় যেন ঘুম হারাম হয়ে গেছে। সবাই উঠেপরে লেগেছেন টালিউডের এই অভিনেত্রীর সংবাদ প্রচার নিয়ে।
কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে তার কাছে জানতে চাইলে শুভশ্রী বললেন, ‘বাংলাদেশি চলচ্চিত্র দেখি না। মূলত দেখার সুযোগ হয়নি কখনও। বাংলাদেশের কোনো নায়ক-নায়িকাকেও আমি চিনি না। শুধু এই চলচ্চিত্রে যাদের সঙ্গে কাজ করছি তাদেরকেই চিনি। মিশা ভাই, ডন ভাই আর মেঘলাকে চিনি।’
আর তার এমন জবাব ভালো লাগেনি অনেকের কাছেই। কারণ কিছুদিন আগেও টালিগঞ্জের অনেক নামিদামি অভিনেত্রীরা দিনের পর দিন অপেক্ষায় থাকতো বাংলাদেশের ছবিতে অভিনয় করার জন্য। এছাড়াও বাংলাদেশের অনেক অভিনেতা-অভিনেত্রী টালিগঞ্জে বহু সংখ্যক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। ফেরদৌস, নায়ক রাজ রাজ্জাক, অনজু ঘোষ তারা সবাই বাংলাদেশেরই মানুষ সেটা হয়তো জানেনই না এই অভিনেত্রী।
এছাড়াও টালিগঞ্জের মহানায়িকা বলে খ্যাত সুচিত্রা সেন যে এই বাংলাদেশেরই মেয়ে সেটাও হয়তো জানা নেই শুভশ্রীর। ইতিহাসে একটু বেশিই কাঁচা সুন্দরী অভিনেত্রী শুভশ্রী।