May 6, 2026
ঢাকা: দশম জাতীয় সংসদ ও উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্নের পর সরকারের পক্ষ থেকে আইডিইএ প্রকল্পের অজুহাতে বিদেশে আনন্দ ভ্রমণে যাবেন তিন নির্বাচন কমিশনার । তারা হলেন- নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জাবেদ আলী, মো.শাহনেওয়াজ ও আবু হাফিজ । কমিশনারদের এ ভ্রমণে ব্যয় হবে প্রায় দেড় কোটি টাকা। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র উপ-সচিব মিহির সারোয়ার মোর্শেদ এতথ্য জানান ।
তিনি বলেন, এপ্রিল দ্বিতীয় দফায় ভ্রমণে যাচ্ছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী। সাথে থাকবেন তিন সদস্য প্রতিনিধি দল। তারা অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর ভ্রমণ করবেন। ২৭ এপ্রিল পর্যন্ত সেখানে অবস্থান শেষে তারা দেশে ফিরবেন।প্রতিনিধি দলে আরও থাকছেন ইসি সচিবালয়ের যুগ্মসচিব জেসমিন টুলি ও আইডিইএ প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর আব্দুল বারী।
কমিশনার মো. আবু হাফিজ চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে যাবেন যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে। ২ মে ঢাকা ত্যাগ করন তারা। ১১ মে পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন। আবু হাফিজের সঙ্গে প্রতিনিধি দলে থাকছেন ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম, ডাইরেক্টর মো. মহসীন আলী ও ডেপুটি চিফ ড. মো. আমজাদ হোসেন।
এরপর চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্স ভ্রমণে যাচ্ছেন মো. শাহনেওয়াজ। ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত ভ্রমণে থাকবেন তারা। তার সঙ্গে প্রতিনিধি দলে থাকছেন ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান, আইডিইএ-ও প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন ও সিনিয়র এসিস্টেন্ট চিফ মো. সাইফুল হক চৌধুরী।
নাম প্রকাশে অনিচ্ছুক কমিশন সচিবালয়ে একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, যে উদ্দেশ্যে তারা সফরে যাচ্ছেন তাতে দেশ বা কমিশনের কোনো উপকারে আসবে না। সেমিনারের নামে তারা আনন্দ ভ্রমণে যাচ্ছেন বলে সচিবালয়ের কর্মকর্তারা জানান।
বিদেশ ভ্রমনের বিষয়ে নির্বাচন কমিশনার শাহনেওয়াজকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আইডিইএ-ও প্রকল্পের কাজে বিদেশে যাচ্ছি ।এ প্রকল্পটি কমিশনের কাজেই একটি অংশ । ভ্রমনে দেড় কোটি টাকা ব্যয় হওয়ার বিষয়টি উল্লেখ করা হলে তিনি বলেন, এত টাকা ব্যয়ের বিষয়টি সঠিক নয় । তিনি আরও বলেন, প্রকল্পের কাজে অর্থ ব্যয় হবে এটাই স্বাভাবিক ।
……..য: নি: