May 5, 2026
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শাহবাগ থানার একটি হত্যা মামলায় জামিন দিলেও রমনা থানার অপর একটি হত্যা মামলায় জামিন আবেদন নাকচ করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে মহানগর দায়রা জজ মো. জহুরুল হক জামিন আবেদনের শুনানি শেষে দুপুরে শাহবাগ থানার মামলায় জামিন মঞ্জুর করেন আদালত। তবে রমনা থানার অপর একটি মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
গত ৩০ মার্চ এ দুই মামলায় জামিনের আবেদন করেছিলেন ফখরুলের আইনজীবীরা।গত ১৬ মার্চ রমনা ও শাহবাগ থানার পৃথক তিন মামলায় মির্জা ফখরুল সিএমএম আদালতে আত্মসমর্পণ করলে ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠান। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন। ২০১৩ সালের ২৮ নভেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে ১৮ দলীয় জোটের দেশব্যাপী ৭১ ঘণ্টা রাজপথ রেলপথ নৌপথ অবরোধ কর্মসূচির সমর্থনে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি সদরঘাট-মিরপুর রোডে চলাচলকারী বিহঙ্গ পরিবহণের একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে বাসটিতে আগুন ধরে বাসযাত্রীদের মধ্যে ১৯ জন গুরুতর দগ্ধ হন।
ঘটনার পরদিন নাহিদ নামে এক বাসযাত্রী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপির নেতাদের নামে মামলা দায়ের করা হয়। এ মামলায় ফখরুল জামিন পেয়েছেন।এছাড়া গত বছরের ৩০ নভেম্বর রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় সুপ্রভাত পরিবহনের একটি যাত্রীবাহী বাসে একইভাবে পেট্রোল বোমা ছুড়ে মারে দৃর্বৃত্তরা। এ ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলে বাসযাত্রী হাবিবুর রহমান মারা যান।
এ ঘটনায়ও বিএনপি নেতাদের নামে আরেকটি মামলা দায়ের করা হয়। এ মামলার শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করেছেন।