পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দেশের ২৪ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে

Posted on April 3, 2014 | in তথ্যপ্রযুক্তি | by

ঢাকা: বর্তমানে দেশের ২৪ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।   বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে  তিন দিনব্যাপী ‘রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপো-২০১৪’ উদ্বোধনকালে মন্ত্রী একথা জানান। তিনি বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন দেশে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ছিল মাত্র ৪ শতাংশ। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ২৪ শতাংশে উন্নীত হয়েছে।

এছাড়াও প্রতি বছর আরও ৩০ শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহারের তালিকায় যুক্ত হচ্ছে এমন ‍সুখবর জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের তরুণ প্রজন্ম প্রযুক্তির সঙ্গে সহজভাবেই খাপ খাইয়ে নিচ্ছে। এটি অত্যন্ত ইতিবাচক দিক।পলক বলেন, এক সময় মোবাইল ফোন আমাদের কাছে এনে দিয়েছিল, এখন ইন্টারনেটের মাধ্যমে তথ্যপ্রযুক্তি আমাদের সবসময় সঙ্গে রেখেছে।

তিনি বলেন, নতুন একটি প্রযুক্তির সঙ্গে কীভাবে খাপ খায়িয়ে নিতে হয়, তা আমরা প্রতিনিয়ত করে দেখাচ্ছি। যার কারণে বর্তমানে ১৬ কোটি মানুষের মধ্যে ১১ কোটি মানুষই মোবাইল ফোন ব্যবহার করছে। তরুণ প্রজন্ম ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এগিয়ে আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে ৮ শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করছে। প্রতিনিয়ত তা বাড়ছে।তিনি বলেন, সব মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আমাদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না।

আমাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। এজন্য আজকে স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। ২০০৯ সালে দরিদ্রতা যেখানে ৪১ শতাংশ ছিল এখন তা নেমে এসেছে ২৬ শতাংশে। মাথাপিছু আয় ছিল সেখানে ৫০০ ডলার সেটি এখন এক হাজার ৪৪ ডলারে উন্নীত হয়েছে, যোগ করেন তিনি।

এবার আমাদের মূল লক্ষ্য ইন্টারনেট সেবাকে তৃণমূলে পৌঁছে দেওয়া। আর এটি করার মাধ্যমে আমাদের জাতীয় প্রবৃদ্ধি আদায় করা। আইসিটি খাতের বর্তমানে ২০০ মিলিয়ন ডলারকে আগামীতে ১ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য। যা বর্তমান জিডিপিতে ১ শতাংশ অবদান রাখবে।ইন্টারনেট সেবা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সারাদেশে ৪৮৭টি উপজেলা আইসিটি মেলা করতে সক্ষম হয়েছি বলেও জানান মন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি শামীম আহসান, রবির নির্বাহী অধিকর্তা (কর্পোরেট স্ট্র্যাটেজি) খালেদুর রহমান দেওয়ান, স্যামসাংয়ের বাংলাদেশ ব্যবস্থাপনা পরিচালক চুন সু মুন, সিম্ফোনির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম, স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud