February 1, 2026
হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ও উত্তর সুরমা গ্রামে বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার দুপুর আড়াইটায় হালকা বৃষ্টির সময় বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়। এরা হলেন- বুল্লা গ্রামের শফিক মিয়ার মেয়ে রেখা বেগম (১২) ও আহমদ আলীর মেয়ে কালন বেগম (১২) এবং উত্তর সুরমা গ্রামের নানু মিয়ার ছেলে তানজিল মিয়া (১৪)। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যায়। এসময় রেখা ও পাশের বাড়ির কালন উঠানে খেলছিল।
এ অবস্থায় বজ্রপাত হলে তারা আহত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে, একই সময় উত্তর সুরমা গ্রামের তানজিল বাড়ির উঠানে বের হলে বজ্রপাতে আহত হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।