পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অটিস্টিক শিশুদের মূল ধারায় যুক্ত করতে হবে: প্রধানমন্ত্রী

Posted on April 2, 2014 | in জাতীয় | by

HD (132)স্টাফ রিপোর্টার: প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এখানে মিশে যেন সুস্থভাবে বাঁচতে পারে- এদিকটির প্রতি নজর রাখতে হবে। এর জন্য সরকারও কাজ করছে। বিশেষ করে অটিস্টিক শিশুদের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টা আরও জোরালো হলে অটিস্টিক শিশুদের জাতীয় জীবনের মূলধারায় যুক্ত করা সম্ভব হবে বলে আমি মনে করি। অটিস্টিক এবং প্রতিবন্ধীদের আজীবন থাকা এবং পরিচর্যা ব্যবস্থা ভবিষ্যতে আমাদের সরকার করবে।

তিনি আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অটিস্টিক সচেতনতা বিষয়ক অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের প্রতি দায়িত্ব যেমন তাদের অভিভাবকদের রয়েছে, তেমনি রাষ্ট্রেরও রয়েছে। এসব শিশুর বাবা-মা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন। বিশেষ করে তাদের অবর্তমানে এই শিশুরা তাদের সম্পদের ব্যবস্থাপনা কিভাবে করবে, তা নিয়ে চিন্তা করেন। এটাই স্বাভাবিক।

আমরা এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য অটিস্টিক ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩ প্রণয়ন করেছি। এর মাধ্যমে অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের জন্যই সব অর্থ ব্যয় করা হবে। এই ট্রাস্টের মাধ্যমে আমরা এমনভাবে প্রতিষ্ঠাগুলো গড়ে তুলতে চাই, যেন এই শিশুরা নিরাপদে সেখানে থাকতে পারে। তাদের আজীবন থাকা এবং পরিচর্যা ব্যবস্থা ভবিষ্যতে আমরা করতে চাই।

রাজধানীর মিরপুরে একটি মাল্টিপারপাস প্রতিবন্ধী কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ কমপ্লেক্সে বিভিন্ন শ্রেণির প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসাসহ ২৭৫ জন প্রতিবন্ধী ও অটিস্টিক ব্যক্তির জন্য শেল্টার হোমের ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী এবং প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন প্রমুখ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud