February 1, 2026
মিরপুর: শেষটাতেও হলো না। জয়হীন থেকেই বিশ্বকাপের সুপার টেন শেষ করল বাংলাদেশ। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটে পরাজিত হয় টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৫ উইকেট ১৫৩ রান সংগ্রহ করে। জবাবে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে ১৫ বল আগেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।
১৫৪ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ওয়ার্নার ও ফিঞ্চ ৯৮ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। ওয়ার্নার ৪৭ রানে আল-আমিনের শিকার হলেও ফিঞ্চ অর্ধশতক তুলে নেন। অবশ্য ৭১ রানে তার ইনিংসটিও থামিয়ে দেন আল-আমিন। অসি শিবিরের শেষ উইকেটটি নেন অভিষিক্ত পেসার তাসকিন আহমেদ। ম্যাক্সওয়েলকে সরাসরি বোল্ড করেন তাসকিন।
এর আগে ব্যাটিংয়ের শুরুতেই ১২ রানে দুই ওপেনার সাজঘরে ফেরেন। ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দেওয়া তামিম আজও নিজেকে মেলে ধরতে পারেননি। রানের খোঁজে থাকা তামিমের ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। অন্যদিকে টুর্নামেন্টে ধারাবাহিক থাকা আনামুল আজ তামিমের সঙ্গে যোগ দিয়ে রানের খাতাই খুলতে পারেননি। এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে নেন সাকিব ও অধিনায়ক মুশফিক।
৭৮ বলে সাকিব-মুশফিক ১১২ রানের জুটি গড়েন, যা তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল ১০৯ রানের। ২০০৭ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ রান করেছিলেন আফতাব আহমেদ ও মোহাম্মদ আশরাফুল। সাকিব এবারের বিশ্বকাপে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হয়ে অর্ধশতক হাঁকিয়ে ৬৬ রানে থামেন। ৫২ বলে ৫টি চার ও ৩টি ছয়ে এ রান করেন বাঁহাতি সাকিব।
এ ছাড়া মুশফিক ৩৬ বলে ৫টি ছয় ও ১টি চারে তুলে নেন ৪৭ রান। পঞ্চম উইকেটে নাসির হোসেন (১৪) ও মাহমুদুল্লাহর (৬) ১৫ বলে ২০ রানের জুটিতে ১৫৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।