পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নিবন্ধনবিহীন সিমকার্ড বন্ধের নির্দেশ হাইকোর্টের

Posted on April 1, 2014 | in জাতীয় | by

Mobile-SIM-Cardsনিবন্ধনবিহীন যেসব সিমকার্ড চালু রয়েছে সেগুলো বন্ধ করে দেয়ার জন্য মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মোবাইল ফোন ব্যবহার করে কাউকে হুমকি দেয়া হলে অল্প সময়ের মধ্যে হুমকিদাতার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিনের জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

রুলে নিবন্ধনবিহীন সিম বিক্রি না করার জন্য মোবাইল কোম্পানিগুলোর প্রতি কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ টেলি কমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, স্বরাস্ট্রমন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, গ্রামীণ ফোন লিমিটেড, ওরাসকম টেলিকম বাংলাদেশ লিমিটেড, টেলিটক বাংলাদেশ লিমিটেড, অজিয়াটা বাংলাদেশ লিমিটেড, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড, প্যাসিফিক বাংলাদেশ লিমিটেড’র প্রধান নির্বাহী কর্মকর্তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। তিনি সাংবাদিকদের বলেন, দেশের ৭০ লাখ রেজিস্ট্রেশনবিহীন সিম রয়েছে। এ কারণে সরকার যেমন ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি চাঁদাবাজিসহ সব অবৈধ কর্মকাণ্ড এসব সিমের মাধ্যমেই করা হচ্ছে। মূলত এসব বিষয় বিবেচনা করেই রিটটি দায়ের করা হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud