May 6, 2026
চট্টগ্রাম: হেফাজত নেতা মুফতি ইজাহারের বিরুদ্ধে আরো দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাঁকন এ পরোয়ানা জারি করেন। এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ এসএম আব্দুর রশিদ বিস্ফোরক আইনের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
আসামিপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার জানান, গত ২৮ জানুয়ারি থেকে মুফতি ইজাহারুল ইসলাম তার বিরুদ্ধে করা বিস্ফোরক, এসিড ও হত্যা মামলায় উচ্চ আদালত ২৫ মার্চ পর্যন্ত থেকে জামিনে ছিলেন। “জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও অসুস্থতার জন্য তিনি আদালতে হাজির হতে পারেননি।” “আমরা আদালতে তার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য সময় প্রার্থনা করলে তা নামঞ্জুর করে আদালত তার বিরুদ্ধে অ্যাসিড নিয়ন্ত্রণ আইন ও হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।”
গত বছরের ৭ অক্টোবর নগরীর লালখান বাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার দারুল ইফতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন আহত হন। পরে বিস্ফোরণে আহত তিনজনের মৃত্যু হয়। ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী ওই মাদ্রাসার পরিচালক ও অধ্যক্ষ। তার ছেলে হারুন বিন ইজাহার ছিলেন ছাত্রবাসের দায়িত্বে।
মাদ্রাসা কর্তৃপক্ষ প্রথমে ওই ঘটনাকে ‘ল্যাপটপ বিস্ফোরণ’ বলে চালাতে চাইলেও মাদ্রাসায় অভিযান চালিয়ে হাতবোমা ও অ্যাসিডসহ বিস্ফোরকের মজুদ পায় পুলিশ।
এরপর পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও অ্যাসিড আইনে দুটি এবং একটি হত্যা মামলাসহ তিনটি মামলা করেন।