February 23, 2026
ঢাকা: ৩৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলার অনুমোদন দেওয়া হয়। শিগগিরই মামলাটি দায়ের করা হবে। দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় মামলাটি দায়ের করবেন। দুদক সূত্রে এ সব তথ্য জানা গেছে। অন্য আসামিরা হলেন- জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) মো. আজহারুল হক, মুনসুর আলম ও মতিয়ার রহমান। দুদক সূত্র জানায়, গৃহায়ন প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৬ সালে আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেন। এই প্লট বরাদ্দের মাধ্যমে তিনি সরকারের প্রায় ৩৯ কোটি ৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাত করেছেন বলে দুদকের প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় এ মামলার অনুমোন দিয়েছে কমিশন।