February 21, 2026
সিলেট: দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে ২৪ হাজার মেগাওয়াট বিদুৎ উৎপাদন করতে সক্ষম হবে বাংলাদেশ। শুক্রবার বিকেলে দেশের প্রথম গ্রিন গ্যালারি সমৃদ্ধ দু’টি পাতা একটি কুঁড়ির চা বাগানের সৌন্দর্য ঘেরা সিলেট বিভাগীয় স্টেডিয়ামের উদ্বোধন করে সেখানে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির আমলে দেশ বিশ্বের কাছে কালো তালিকাভুক্ত ছিলো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আমি সিলেটবাসীর প্রতি আহ্বান জানাই, আগামী বিশ্বকাপ ক্রিকেটের সব খেলার ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। বিশ্বকাপ চলাকালে যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সেজন্য এখানকার বাসিন্দাদেরই সহযোগিতা কাম্য।
এসময় গ্রিন গ্যালারি স্টেডিয়ামসহ দেশের অবকাঠামোগত উন্নয়নের কাজ বাধাগ্রস্ত করায় বিএনপি জোটের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের উন্নয়ন কাজে অনেক প্রতিবন্ধকতা ছিল। হরতাল-অবরোধ-সহিংসতা চালিয়ে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সিলেটবাসীসহ দেশবাসী ও আইন-প্রয়োগকারী সংস্থাসমূহের সর্বোচ্চ সহযোগিতায় আমরা এসব কাজ নির্বিঘ্নে শেষ করতে পেরেছি। এজন্য দেশবাসীসহ সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। শেখ হাসিনা সব দলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে কোনো দল যেন রাজনৈতিক কর্মসূচি না দেয়।
সিলেটের উন্নয়নে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশের সুষম উন্নয়নে আওয়ামী লীগই ভূমিকা রাখে। সেই ধারাবাহিকতায় ১৯৯৬ সালে ক্ষমতায় এসে সিলেটকে সত্যিকার অর্থে বিভাগ করে গড়ে তোলার জন্য সব পদক্ষেপ নিই আমরা। বক্তব্যের শুরুতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রসংশা করে প্রধানমন্ত্রী বলেন, অর্থমন্ত্রী অনেক কিছুতেই কার্পন্য করলেও খেলাধূলার ব্যাপারে কোনো কার্পন্য করেননি। অর্থ দিয়ে দ্রুত এ খেলার মাঠের কাজ শেষ করেছেন। তার একান্ত প্রচেষ্টায় এই স্টেডিয়াম উদ্বোধন করতে পেরেছি।
প্রধানমন্ত্রী সিলেটের প্রাকৃতিক সৌর্দয্য প্রশংসা করে বলেন, প্রাকৃতিক সৌর্ন্দয্যপূন্য এলাকায় এই স্টেডিয়াম নির্ধারণ করা হয়েছে। এখানের পর্যটন উন্নয়নে সরকার আরও কাজ করবে।
শিগগিরই সিলেটে একটি ফাইভস্টার হোটেল ও উন্নত মানের একটি সাধারণ হোটেল স্থাপনের ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের আমলে সিলেটবাসী কিছু পায়। দেশের সুষম উন্নয়ন নিশ্চিত হয়। কিন্তু বিএনপির আমলে খালেদার ছেলে তারেক রহমান খাম্বা লিমিটেড নামে অদ্ভুত কোম্পানি খুলেছিলো। এখনও রাস্তার পাশে খাম্বা পড়ে আছে। তারা বিদুৎ দিতে পারেনি। বিদুৎ উৎপাদন করেনি।
এই সরকার ১১ হাজার মেগাওয়াট বিদুৎ উৎপাদন করেছে। আগামীতে ২৪ হাজার মেগাওয়াট বিদুৎ উৎপাদন করা হবে।
প্রধানমন্ত্রী দশম জাতীয় সংসদ নির্বাচনে সিলেটবাসী ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করায় ধন্যবাদ জানান।
সুধী সমাবেশের আগে দেশের প্রথম গ্রিন গ্যালারি স্টেডিয়ামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, বিসিবির চেয়ারম্যান নাজমুল হাসান পাপন।
সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার এনএম জিয়াউল আলম। সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নানসহ কেন্দ্রীয় ও সিলেট আওয়ামী লীগের নেতারা।
এর আগে, বেলা সোয়া ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বিশেষ বিমান। এরপর কড়া নিরাপত্তায় সেখান থেকে সিলেট সার্কিট হাউসে যান তিনি।
বিকেল ৩টার পরে প্রথমে শাহজালাল ও পরে সাড়ে ৩টার দিকে শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করেন শেখ হাসিনা।
১৫ মার্চ থেকে ক্রিকেটের ক্ষুদে সংস্করণ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। এ বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে উদ্বোধন হওয়া গ্রিন গ্যালারি স্টেডিয়ামেও।