February 19, 2026
ফতুল্লা: একেবারেই সামনে থেকে ব্যাটিংয়ে নেতৃত্ব দিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। ক্যারিয়ার সেরা ওয়ানডে পারফরমেন্স করে ভারতের বিপক্ষে দলকে এনে দিলেন লড়াই করার মতো সংগ্রহ। সাত উইকেটে তাদের সংগ্রহ ২৭৯ রান। এশিয়া কাপে এটি বাংলাদেশের চতুর্থ দলীয় সর্বোচ্চ, আর ভারতের বিপক্ষে তৃতীয় সেরা। ১২৫টি ওয়ানডে ম্যাচ খেলে মুশফিকুর রহিমের মাত্র একটি মাত্র শতক, তাও সেটা ২০১১ সালের ১৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে। অবশেষে ওয়ানডেতে অধরা শতকটি পেলেন টেস্টে দেশের একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান। ১০৪ বলে পাঁচ চার ও দুই ছয়ে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পান তিনি। এর আগে ৪৯ রানের মধ্যে দুই উইকেট হারালেও এনামুল হক ও মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিতে পথে ফিরেছিল বাংলাদেশ। ৬৭ বলে প্রথম ফিফটি পাওয়া এনামুল থেমেছেন ৭৭ রানে। ১০৬ বলে পাঁচটি চার ও তিন ছয়ে সাজানো ইনিংসটি বোল্ড করে থামান বরুন অ্যারন।
এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। শামসুর ও এনামুলের উদ্বোধনী জুটি ভালো সূচনার ইঙ্গিত দিলেও ১৬ রানে সেটা ভেঙে যায়। ৭ রানে মোহাম্মদ সামির শর্ট বলে অফ সাইডে ফিরতি ক্যাচ তুলে দেন শামসুর। ১৩তম ওভারের প্রথম বলে রবিচন্দ্রন অশ্বিনের বলটি এগিয়ে এসে মারতে গিয়ে স্ট্যাম্পিং হন মুমিনুল হক। তিনটি করে চার ও ছয়ে এনামুল অর্ধশতক করেন। আর মুশফিক ৬৫ বলে তিন চারে ৫০ রানে পৌঁছান। তারা দুজনে ১৩৩ রানের জুটি গড়েন। নাঈম ইসলাম বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। সামির বলে অশ্বিনের তালুবন্দি হন ১৭ রানে।
এক ওভার বিরতি দিয়ে ভারতীয় পেসারের তৃতীয় শিকার হন নাসির হোসেন (১)। জিয়াউর রহমান দুটি চার ও এক ছয়ে ১৮ রানে আউট হন। এই ভারতের বিপক্ষে ২০০৮ সালে করাচিতে অলক কাপালি এশিয়া কাপের বিপক্ষে সর্বোচ্চ ১১৫ রান করেন। ছয় বছর পর সেই রেকর্ড ভেঙে দেন মুশফিক, ১১২ বলে সাত চার ও দুই ছয়ে ১১৭ রানে সামির কাছে উইকেট হারান অধিনায়ক। সোহাগ গাজী তিন ও মাশরাফি বিন মুতর্জা ১ রানে অপরাজিত খেলছিলেন। আল-আমিন হোসেনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন জিয়াউর রহমান। আরাফাত সানির স্থানে দলে ঢুকেছেন আব্দুর রাজ্জাক।
বাংলাদেশ দল: শামসুর রহমান, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নাসির হোসেন, নাঈম ইসলাম, জিয়াউর রহমান, সোহাগ গাজী, মাশরাফি মুর্তজা, আব্দুর রাজ্জাক ও রুবেল হোসেন।
ভারত দল: শিখর ধাওয়ান, রোহিত শার্মা, বিরাট কোহলি, অম্বতি রাইডু, অজিঙ্কা রাহানে, দিনেশ কার্তিক, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি ও বরুন অ্যারন।