February 19, 2026
ঢাকা: দেশজুড়ে চলা উপজেলা পরিষদের নির্বাচনে ছোট-খাটো সংঘর্ষ হতেই পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহনেওয়াজ। দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনের আগের দিন বুধবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
শাহনেওয়াজ বলেন, পরবর্তী ধাপের নির্বাচনগুলোয় যেন কোনো ধরনের সহিংসতা না হয় সেজন্য তৎপর থাকতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে ইসি বলেন, এই নির্বাচনে খুব বেশি সমস্যা ও সহিংসতা হয়নি। অনেকটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।
প্রথম ধাপের নির্বাচনে বাতিল ভোটের হার বৃদ্ধি প্রসঙ্গে শাহনেওয়াজ বলেন, এ ব্যাপারে এখনো সঠিক কারণ জানতে পারিনি আমরা। রিটার্নিং অফিসারদের সহায়তায় বাতিল ভোট রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শাহনেওয়াজ দাবি করেন, নির্বাচনে কোনো প্রার্থীই বিশেষ সুবিধা পাচ্ছে না। সব প্রার্থীই আমাদের কাছে সমান। এই বিষয়ে সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশ নেওয়া হয়েছে, যেন কোনো প্রার্থী বিশেষ সুবিধা ভোগ করতে না পারে।