February 18, 2026
টাঙ্গাইল: ময়মনসিংহের ত্রিশাল থেকে দণ্ডপ্রাপ্ত তিন জেএমবি সদস্য ছিনতাই হওয়ার ৪৮ ঘণ্টার মাথায় টাঙ্গাইলের ঘাটাইল থেকে বেশ কিছু অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ। এসব অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে জঙ্গি ছিনতাইয়ের ঘটনার যোগাযোগ থাকতে পারে বলে ঘাটাইল থানার ওসি ফজলুল কবিরের ধারণা। তিনি জানান, মঙ্গলবার সকালে মুরাইদ গারোবাজারে ঢাকা-গারোবাজার সড়কের পাশে পাহাড়ি এলাকায় পরিত্যক্ত অবস্থায় ছয়টি পিস্তল, আটটি ম্যাগজিন, ৪১ রাউন্ড গুলি ও চারটি বোমা পাওয়া যায়। “স্থানীয় কৃষক জয়নাল আবেদীন সকালে ধানক্ষেতে কাজ করার সময় আলের ওপর একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হওয়ায় থানায় খবর দেন।”
ওসি জানান, পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে ভেতরে কয়েকটি মিষ্টির প্যাকেট পায়। তার ভেতরেই রাখা ছিল অস্ত্র ও গোলাবারুদ। তিনি বলেন, “পরিস্থিতিতে মনে হচ্ছে, এসব অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে পলাতক জেএমবি জঙ্গি ও তাদের সহযোগীদের সম্পর্ক থাকতে পারে।” রোববার সকালে ময়মনসিংয়ের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যানে বোমা মেরে ও গুলি করে জেএমবির শুরা সদস্য রাকিবুল হাসান ও সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮) এবং বোমা বিশেষজ্ঞ মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজানকে (৩৫) ছিনিয়ে নেয়া হয়। ওই হামলায় প্রিজন ভ্যানে থাকা এক পুলিশ কনস্টেবল নিহত ও আরো দুইজন আহত হন।
ঘটনার ঘণ্টা দেড়েক পর টাঙ্গাইলের সখীপুরে একটি কালো মাইক্রোবাসে অস্ত্র ও বোমাসহ গ্রেপ্তার হন জাকারিয়া নামের এক ব্যক্তি। ওই গাড়িতে করে জঙ্গিদের পালিয়ে যেতে সহায়তা করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। ওইদিনই মির্জাপুরে গ্রেপ্তার হন রাকিবুল হাসান, যিনি দাড়ি কমিয়ে ফাঁকি দেয়ার চেষ্টা করেছিলেন। রোববার শেষরাতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন তিনি।